ব্রাজিলে প্রেসিডেন্টকে অভিসংশন বিতর্ক শুরু
প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে অভিশংসন করা নিয়ে ভোটের আগে এ বিষয়ে ব্রাজিলের পার্লামেন্টের নিম্মকক্ষে তিনদিনের বিতর্ক শুরু হয়েছে।
বিরোধী এমপিরা ‘দিলমা চলে যাও’ স্লোগান দিয়ে বিতর্ক শুরু করে।
রোববার রৌসেফকে অভিশংসন করা নিয়ে ভোট হবে। এ ভোটের ওপর সরকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু দেশটির সুপ্রিম কোর্ট ওই নিষেধাজ্ঞা বাতিল করে দেয়।
সুপ্রিম কোর্টের ১০ জন বিচারপতির মধ্যে সাত জন নিষেধাজ্ঞা বাতিলের পক্ষে রায় দেন।
২০১৪ সালের নির্বাচনের আগে নিজ দলের সুবিধার জন্য তৎকালীন প্রেসিডেন্ট রৌসেফ সরকারি একাউন্টে অবৈধভাবে হস্তক্ষেপ করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ অভিযোগ অস্বীকার করে এটা বিরোধীদের তাকে ‘ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেন তিনি। ষড়যন্ত্রকারীদের অন্যতম একজন তার ভাইস-প্রেসিডেন্ট মিচেল তেমের বলে মঙ্গলবার ইঙ্গিত দেন রৌসেফ।
সেইসঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞাও করেছেন তিনি। যদিও রৌসেফের প্রধান তিন মিত্রদল তাকে পরিত্যাগ করেছে।
স্থানীয় গণমাধ্যমের ধারণা, ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
অভিশংসনের প্রস্তাবটি ব্রাজিল পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পাঠাতে হলে নিম্নকক্ষের সদস্যদের দুই-তৃতীয়াংশ ভোট পক্ষে পড়তে হবে।
সিনেটে যদি প্রস্তাবটি অনুমোদন পায় তবে ১৮০ দিনের মধ্যে রৌসেফকে প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত করা হবে।
যদি ভাইস-প্রেসিডেন্ট তেমেরকেও বরখাস্ত করা হয় তবে নিম্মকক্ষের স্পিকার এদুয়ার্দো কুনা প্রেসিডেন্ট হওয়ার লাইনে থাকবেন। যদিও তার বিরুদ্ধেও অর্থ পাচারসহ আরও বেশ কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে।
