মিয়ানমারে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প
মিয়ানমারে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে।
ভারতের পূর্বাঞ্চল, বাংলাদেশ ও নেপালের কিছু অংশেও এই কম্পন অনুভূত হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতের বা বড়ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
মনিওয়া শহর থেকে ১০০ কিলোমিটার উত্তর ও উত্তরপশ্চিমে মাটির ১৩৪ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
মিয়ানমারের আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, “আমরা কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর শুনিনি। এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি তা হল, ভূমিকম্পটির কেন্দ্রস্থল কোনও ঘনবসতিপূর্ণ এলাকায় ছিল না।”
মিয়ানমারের এক বাসিন্দা রয়টার্সকে বলেন, ভূমিকম্পের সময় পর্যটকরা হোটেল থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন।
এখন পর্যন্ত কোনো ক্ষতিগ্রস্ত ভবন তাদের চোখে পড়েনি।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় বিদ্যুৎ চলে গেছে।
কলকাতা থেকে রয়টার্সের এক প্রতিনিধি জানান, “আমি তিনবার কম্পন অনুভব করেছি। ভুমিকম্পের সময় মানুষ দৌড়ে ভবন থেকে বেরিয়ে আসছিল।”
ভূমিকম্পের সময় ভারতের উত্তরপূর্বাঞ্চল সফররত প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন নিরাপদ আছেন বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত ব্রিটিশ হাই কমিশন।
বাংলাদেশের রাজধানী ঢাকাসহ অন্যান্য অঞ্চলেও ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
নেপালের পূর্বাঞ্চলেও ভূমিকম্প হয়েছে।
নেপালের পূর্বাঞ্চলের রাজ্য ঝাপার বাসিন্দা দিনেশ রাই বলেন, “আমরা ভূকম্পন অনুভব করেছি। কিন্তু সেটি অত শক্তিশালী ছিল না। তাই আমাদের বাড়ির বাইরে যেতে হয়নি।”
