২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল-শাবাবের সাংবাদিকের মৃত্যুদণ্ড কার্যকর

ইসলামপন্থি জঙ্গিগোষ্ঠী আল-শাবাবকে সহায়তাকারী সোমালিয়ার একজন সাংবাদিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 11:59 AM

Updated : 12 Apr 2022, 01:50 AM

বিবিসি বলছে, সম্মানিত পাঁচ সাংবাদিককে হত্যায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবকে সহায়তার অভিযোগে দেশটির একটি সামরিক আদালত হাসান হানাফি নামের ওই সাংবাদিককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে।

রাজধানী মোগাদিশুতে ওই সেনা আদালতে গেল মাসে দণ্ডিত হন এক সময়ের ব্রডকাস্টার হানাফি। তার মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করা হয়।

২০০৭ থেকে ২০১১ সালের মধ্যে আল-শাবাবের রোষানলের শিকার হওয়া সম্ভাব্য সাংবাদিকদের চিনিয়ে দিতে সহায়তা করেন হানাফি।

আল-শাবাবের মুখপত্র বলে পরিচিতি পাওয়া রেডিও আন্দালুসে কাজ করার পর হানাফি জঙ্গিগোষ্ঠীটির সশস্ত্র শাখায় যোগ দিয়েছিলেন।

দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট বলছে, ২০০৭ সাল থেকে মোসালিয়ায় ২৫ জনেরও বেশি সাংবাদিক খুন হয়েছেন।

আল-শাবাবের হয়ে কাজ করার সময় হানাফি সাংবাদিকদের জঙ্গি গো্ষ্ঠীটিতে যোগ না দিলে হত্যার হুমকি দিতেন।

আল-শাবাব এখনো মোগাদিশুসহ অন্যান্য শহরে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। দেশটির দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত অনেক অংশ নিয়ন্ত্রণ করছে এই গোষ্ঠীটি।