২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আইএস-নিয়ন্ত্রিত শহর বিদ্রোহীদের দখলে

ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে উত্তরের গুরুত্বপূর্ণ শহর আল-রাইয়ের নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2016, 08:21 PM

Updated : 12 Apr 2022, 01:48 AM

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহীরা আলেপ্পো নগরের দখল নিতে চাইছে। আর এজন্য কৌশলগত দিক থেকে আল-রাই শহরের নিয়ন্ত্রণ দখল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এ শহর দখলের মাধ্যমে তুরস্ক হয়ে বিদ্রোহীদের কাছে রসদ পৌঁছানোর বিষয়টি নিশ্চিত হবে।

বেশ কয়েকদিন ধরে আল-রাই শহরে বিদ্রোহী ও আইএস জঙ্গিদের মধ্যে তুমুল লড়াই চলেছে।

বিদ্রোহী আল-মুস্তাসিম ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ হাসান খলিল স্থানীয় গণমাধ্যমকে বলেন,  আল-রাই দখলের মাধ্যমে বিদ্রোহী যোদ্ধারা এখন আইএস নিয়ন্ত্রিত আলেপ্পোর উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হতে পারবে। পাশাপাশি জঙ্গি সংগঠনটির রসদ সরবরাহের রাস্তাও বন্ধ করে দেওয়া যাবে।

“বিদ্রোহীরা ভবিষ্যতে পূর্ব ও দক্ষিণে আইএস নিয়ন্ত্রিত এলাকায় অভিযানের জন্য আল-রাই শহরকে আক্রমণ চালানোর ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারবে।”

সপ্তাহ দুয়েক আগে সিরিয়ার সরকারি বাহিনী আইএস কে হটিয়ে দেশটির প্রাচীন নগর পালমিরার নিয়ন্ত্রণ নেয়।