গ্রিস থেকে দ্বিতীয় শরণার্থীর দল পৌঁছেছে তুরস্কে
গ্রিসের লেসবস দ্বীপ থেকে ৪৫ জন পাকিস্তানি শরণার্থী নিয়ে একটি ফেরি তুরস্কে পৌঁছেছে।
ইউরোপমুখী শরণার্থীদের ঢল আটকাতে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে চুক্তির আওতায় এ নিয়ে দ্বিতীয় দফায় শরণার্থীদের তুরস্কে ফেরত পাঠানো হল।
৪ এপ্রিল থেকে চুক্তির বাস্তবায়ন শুরু হয়।
গ্রিসের দ্বীপ লেসবস থেকে পাঠানো ১৩৬ জন শরণার্থী, যাদের অধিকাংশই পাকিস্তানি, ওই দিন তুরস্কের পশ্চিমের শহর দিকিলিতে পৌঁছায়। দলটিতে আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মরক্কোর নাগরিকরাও ছিল।
গ্রিসের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, লেসবস থেকে শরণার্থীদের বড় আরেকটি দলের স্থানীয় সময় শুক্রবার দুপুরের আগে রওয়ানা হওয়ার কথা রয়েছে।
শুক্রবারের ফেরিটিও তুরস্কের দিকিলি শহরে গেছে। তুরস্কের কোস্টগার্ডের দুইটি নৌযান শরণার্থী বোঝাই ফেরিটির সঙ্গে ছিল।
ফেরিটি লেসবস থেকে ছাড়ার সময় অন্তত দুইজন মানবাধিকারকর্মীকে ঘটনাস্থলে প্রতিবাদ করতে দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স।
তুরস্কের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, যে ৪৫ জন শুক্রবার তুরস্কে পৌঁছেছে তাদের সবাই পুরুষ এবং পাকিস্তানের নাগরিক।
পাকিস্তানিদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে একটি চুক্তিতে অনুমোদ দিয়েছে তুরস্কের পার্লামেন্ট।
ইইউ-তুরস্ক চুক্তি অনুযায়ী, গ্রিসে অবৈধভাবে প্রবেশ করা সিরীয়সহ অন্যান্য শরণার্থীকে তুরস্ক ফেরত নেবে। এর বিনিময়ে ইইউ তুরস্কে বৈধভাবে আবেদন করা সিরীয় শরণার্থীদেরকে ইউরোপে পুনর্বাসন করবে এবং তুরস্ককে অর্থ সহায়তাও করবে।
