উ. কোরিয়ার সঙ্গে বাণিজ্যে চীনের বাধানিষেধ
উত্তর কোরিয়া থেকে সোনা ও খনিজ দ্রব্য আমদানি নিষিদ্ধ করেছে চীন। সেইসঙ্গে দেশটিতে বিমান ও রকেট জ্বালানি রপ্তানির উপরও নিষেধাজ্ঞা জারি করেছে চীন সরকার।
জানুয়ারিতে চতুর্থবারের মত পরমাণু অস্ত্রের পরীক্ষা এবং ফেব্রুয়ারিতে দূর-পাল্লার রকেট উৎক্ষেপণের পর জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার উপর নতুন করে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত চীনও এবার সেই দলে যোগ দিল।
খনি উত্তর কোরিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বিশ্বের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন দেশটির খনিজ দ্রব্য মূলত চীনে যেত।
উত্তর কোরিয়া থেকে কয়লা আমদানিও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে চীন।
গত বছর উত্তর কোরিয়া চীনের প্রায় দুই কোটি টন কয়লা রপ্তানি করেছে।
উত্তর কোরিয়া চীন থেকে তাদের বিমান ও রকেটের জ্বালানি আমদানি করত।
এছাড়া, ভানাডিয়াম ও টিটানিয়ামের মত খনিজ দ্রব্যও আর উত্তর কোরিয়া থেকে নেবে না চীন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, চীনের এই উদ্যোগ উত্তর কোরিয়ার উপর তাদের আরও কঠোর নিষেধাজ্ঞার বাস্তবায়নে সহায়তা করবে।
