জাতিসংঘ মহাসচিব পদে লড়বেন হেলেন ক্লার্ক
নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল, বিশ্ব সংস্থাটির শীর্ষপদে তিনি প্রার্থী হতে পারেন। তার এই ঘোষণার মধ্যদিয়ে সেই জল্পনার অবসান হল।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি যদি নির্বাচিত হন তবে জার্মানি, জাপান, ব্রাজিল ও ভারতকে স্থায়ী সদস্যপদ দিয়ে নিরাপত্তা পরিষদের বড় ধরনের সংস্কার করতে চান।
তিনি আরো বলেন, বর্তমান একুশ শতকের বাস্তবতা বিবেচনায় আফ্রিকার দুটি দেশকেও অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ দেওয়া উচিৎ।
হেলেন ক্লার্ক বর্তমানে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
চলতি বছরের ডিসেম্ববে জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
ক্লার্ক বলেন, আধুনিক সময়ে শান্তি ও নিরাপত্তা ইস্যুগুলো মোকাবিলায় জাতিসংঘের নতুন কিছু করতে হবে।
আরও তিনজন নারী জাতিসংঘের প্রথম নারী মহাসচিব হওয়ার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। পাশাপাশি চারজন পুরুষও এই পদের জন্য লড়বেন বলে আভাস পাওয়া গেছে।
এরআগে তিনি বলেছিলেন, বিশ্ব সংস্থাটির সর্বোচ্চ পদের জন্য তিনি লড়ার কথা ভাবছেন কারণ, নিউজিল্যান্ড ও জাতিসংঘে প্রমাণিতভাবে ৩০ বছর নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তার রয়েছে।
মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীদের মধ্যে রয়েছেন, ইউনেস্কো প্রধান বুলগেরিয়ার ইরিনা বোকোভা এবং শরণার্থী বিষয়ক সাবেক দূত পর্তুগালের অ্যান্টোনিও গুটের্স।
সোমবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি ওয়েলিংটনে এক সংবাদ সম্মেলনে হেলেন ক্লার্ককে দেশের প্রার্থী হিসেবে উপস্থাপন করেছেন।
প্রসঙ্গত, জাতিসংঘের বর্তমান মহাসচিব দুই মেয়াদে দায়িত্ব পালন করছেন।
