২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাগোরনো-কারাবাখে লড়াই, বহু নিহত

দক্ষিণ ককেশাস অঞ্চলের বিতর্কিত এলাকা নাগোরনো-কারাবাখে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন কবরে শুরু হওয়া এক লড়াইয়ে বেশ কয়েকজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 10:45 AM

Updated : 11 Oct 2022, 08:02 PM

শুক্রবার রাতে এ লড়াই শুরু হওয়ার পরপরই আন্তর্জাতিক পক্ষগুলো সহিংসতা থামাতে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে যেতে দুপক্ষের প্রতি আহ্বান জানায়, খবর বিবিসি, বার্তা সংস্থা রয়টার্সের।

নাগোরনো-কারাবাখ এলাকাটি ভূখণ্ডগতভাবে আজারবাজানের ভিতরে হলেও আর্মেনীয় জাতিগোষ্ঠী অধ্যুষিত। ১৯৯৪ সালে আজারবাইজানের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী লড়াই শেষ হওয়ার পর থেকে এলাকাটি আর্মেনিয়ার সামরিক ও অর্থনৈতিক সহায়তায় স্বায়ত্তশাসিতভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু এখানে প্রায়ই দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

শনিবার আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনাবাহিনী ওই এলাকার কিছু ‘কৌশলগত উঁচু এলাকা ও বসতি মুক্ত করেছে’। 

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “ছয়টি আর্মেনীয় ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে এবং একশরও বেশি আর্মেনীয় সেনা হতাহত হয়েছেন।”

লড়াইয়ের নিজেদের পক্ষের ১২ সেনাও নিহত হওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়টি।

আর্মেনীয় সরকার আজেরি প্রতিবেদনে প্রকাশিত হতাহতের সংখ্যা অস্বীকার করেছে। দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকে আর্মেনিয়ার প্রেসিডেন্ট সেরঝ সারকসিয়ান জানিয়েছেন, ১৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

প্রেসিডেন্ট উল্লেখিত হতাহতদের সবাই সেনা কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।

এর আগে একই দিন নাগোরনো-কারাবাখের সামরিক বাহিনী জানায়, আর্মেনীয় বিমান-বিধ্বংসী বাহিনী একটি আজেরি হেলিকপ্টার গুলি করে নামিয়েছে। নিজেদের একটি এমআই-২৪ হেলিকপ্টার হারানোর কথা স্বীকার করেছে আজারবাইজান।

আজারবাইজান জানিয়েছে, প্রথমে তাদের সশস্ত্র বাহিনীর ওপর দীর্ঘ-পাল্লার কামান ও গ্রেনেড-লঞ্চার থেকে গোলাবর্ষণ করা হয়, তখন পাল্টা অভিযানে তাদের বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুটি পাহাড় ও একটি গ্রামের দখল করে নেয়। 

আর্মেনীয় সরকার জানিয়েছে, ট্যাঙ্ক, কামান ও হেলিকপ্টার নিয়ে আজারবাইজান ‘ব্যাপক আক্রমণ’ পরিচালনা করেছে।

আর্মেনীয় সমর্থিত কারাবাখের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজেরি হামলায় ১২ বছর বয়সী এক শিশু নিহত ও অপর দুই শিশু আহত হয়েছে।

উভয়পক্ষই লড়াইয়ে বেসামরিক হতাহত হওয়া কথা জানিয়েছে পরস্পরকে ১৯৯৪ সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি লঙ্ঘণ করার জন্য অভিযুক্ত করেছে।

১৯৮০-র দশকের শেষ দিকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুটি অঞ্চল আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে লড়াই শুরু হয়। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দুপক্ষের মধ্যে সর্বাত্মক লড়াই শুরু হয়। ১৯৯৪ সালে যুদ্ধবিরতির আগ পর্যন্ত চলা লড়াইয়ে প্রায় ৩০ হাজার মানুষ নিহত হন।

লড়াই থামাতে দুপক্ষকে কূটনৈতিক তৎপরতা শুরু করার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন; লড়াই থামিয়ে দুপক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেইয়ার।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু টেলিফোনে আর্মেনীয় এবং আজেরীয় পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদ্বয়ের সঙ্গে কথা বলেছেন।