থাইল্যান্ডে কয়েকদফা বোমা হামলায় নিহত ১
থাইল্যান্ডের দক্ষিণের পাতানি প্রদেশে কয়েকটি স্থানে বোমা হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী এ তথ্য জানায়। মালয়েশিয়া সীমান্তবর্তী পাত্তানি প্রদেশে বুধ ও বৃহস্পতিবার এ হামলাগুলো চালানো হয়।
বৌদ্ধ অধ্যুষিত থাইল্যান্ডে যে তিনটি প্রদেশে মুসলিমদের সংখ্যা বেশি পাত্তানি সেগুলোর একটি।
সেনাবাহিনীর মুখপাত্র বলেন, পাত্তানির ইয়ারিং জেলায় অন্তত ১০টি জায়গায় বোমা হামলা চালানো হয়। যেগুলোর মধ্যে একটি ব্যাংকের বুথে দুইটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় ১১ জন পুলিশ আহত হয়েছে।
এছাড়া, কাছের আরেকটি সেলুনে বোমা বিস্ফোরণে বেসামরিক এক ব্যক্তির মৃত্যু হয় বলেও জানান তিনি।
সেনাবাহিনীর ইন্টারন্যাল সিকিউরিটি অপারেসন্স কমান্ডের উপ মুখপাত্র ইউথানাম পেতমুয়াং বলেন, “যারা এই হামলা চালিয়েছে তারা এর মাধ্যমে এখনও তাদের সক্রিয় থাকার বিষয়টি জানান দিতে চেয়েছে।”
এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে কর্তৃপক্ষের বিশ্বাস জঙ্গি সংগঠন এ হামলা করেছে।
জানুয়ারিতে সেনাবাহিনী ও যুদ্ধ বিশেষজ্ঞরা বলেছিলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কারণে এক দশকের বেশি সময়ের মধ্যে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সহিংসতা সবচেয়ে নিম্ম পর্যায়ে রয়েছে।
দক্ষিণাঞ্চলের অধিবাসীদের অভিযোগ বছরের পর বছর ধরে থাইল্যান্ড সরকার তাদের অবজ্ঞা করে আসছে।
