ক্ষমতাসীন জোট ছাড়লো ব্রাজিলের পিএমডিবি পার্টি
ব্রাজিলের ক্ষমতাসীন জোটের অংশীদার সবচেয়ে বড় দল পিএমডিবি পার্টি প্রেসিডেন্ট দিলমা রৌসেফের সরকার থেকে নিজেদের প্রত্যাহারের কথা ঘোষণা করেছে।
বিবিসি বলছে, মঙ্গলবার ঘোষণাটি দেয়ার পর রৌসেফের মন্ত্রিসভা ও সরকারের বিভিন্ন পদ থেকে নিজেদের সদস্যদের সরিয়ে নেওয়া শুরু করেছে দলটি।
ব্রাজিলিয়ান ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টির (পিএমডিবি) এই সিদ্ধান্তে আগামী কয়েক মাসের মধ্যেই সিনেটে রৌসেফের অভিশংসনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা হঠাৎ করেই বেড়ে গেছে।
পিএমডিবি নেতৃস্থানীয় সদস্যদের এক বৈঠকে জোট সরকার থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্তটি নিতে মাত্র কয়েক মিনিট লেগেছে। জনাকীর্ণ ওই বৈঠকে উপস্থিত সবাই জোট সরকার থেকে বের হয়ে যাওয়ার পক্ষে ভোট দেন।
বৈঠকে সরকারের পদে থাকা দলীয় সব সদস্যও তাৎক্ষণিকভাবে পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত হয়।
বাড়তে থাকা বাজেট ঘাটতি লুকাতে প্রেসিডেন্ট রৌসেফ সরকারি হিসাবে কারাসাজি করছেন অভিযোগে বিরোধীদলীয় আইনপ্রণেতারা প্রেসিডেন্টকে অভিশংসিত করতে চাইছে।
পিএমডিবির এই সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পর অভিশংসন এড়ানোর চেষ্টায় থাকা রৌসেফ পূর্বপরিকল্পিত ওয়াশিংটন সফর বাতিল করেছেন। ওয়াশিংটনে চলতি সপ্তাহে অনুষ্ঠীতব্য এক শীর্ষ সম্মেলনে তার যোগ দেওয়ার কথা ছিল।
ব্রাজিলের প্রেসিডেন্সিয়াল পদ্ধতি অনুযায়ী, জোট সরকার থেকে পিএমডিবি বের হয়ে যাওয়ার পরও রৌসেফ প্রেসিডেন্ট থাকবেন।
কিন্তু জোটের এই ভাঙ্গনে সিনেটে অভিশংসন প্রক্রিয়ার বিরুদ্ধে রৌসেফের লড়াই দুর্বল হয়ে পড়বে।
সিনেটের সিদ্ধান্তে রৌসেফ প্রেসিডেন্ট পদ হারালে ভাইস প্রেসিডেন্ট মিশেল তেমের, যিনি পিএমডিবির নেতা, প্রেসিডেন্ট আসনে বসবেন।
রৌসেফ মন্ত্রিসভায় পিএমডিবির ছয়জন মন্ত্রী আছেন। পদত্যাগ না করলে তাদের বিরুদ্ধে দলটি নীতিগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।
কোনো অন্যায় করেননি দাবি করে অভিশংসন প্রক্রিয়াকে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টিকে (পিটি) সরকার থেকে সরানোর জন্য ‘ক্যু’ করা হচ্ছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট রৌসেফ।
