২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাসেলস হামলায় অভিযুক্ত একজনের মুক্তি

ব্রাসেলসে হামলায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগ আনা ফয়সাল সি কে প্রমাণের অভাবে ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 10:59 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

২২ মার্চ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি আন্তর্জাতিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ একটি মেট্রো স্টেশনে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।

বিমানবন্দরে হামলার আগে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সম্ভাব্য দুই আত্মঘাতী হামলাকারীর সঙ্গে তৃতীয় আরেক ব্যক্তির ছবি ধরা পড়ে।

২৪ মার্চ ব্রাসেলসের প্রসিকিউটরের পক্ষ থেকে ফয়সাল সি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানানো হয়। ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে ‘সন্ত্রাসী সংগঠনের হয়ে কাজ করা, সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়’।

বেলজিয়ামের গণমাধ্যমগুলো তাকে ফয়সাল শেফু নামে বর্ণনা করে, ‍যিনি একজন ফ্রিল্যান্স সাংবাদিক। যাকে সিসিটিভি ফুটেজে ধরা পড়া সম্ভাব্য তৃতীয় ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়।

বিবিসি জানায়, সোমবার বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটরের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “যে ইঙ্গিতের ভিত্তিতে ফয়সাল সি কে গ্রেপ্তার করা হয়েছিল তা চলমান তদন্তের সঙ্গে খাপ খাচ্ছে না।”

“যার ফলে সন্দেহভাজন ওই ব্যক্তিকে ছেড়ে দিতে হয়েছে।”

সিসিটিভি ফুটেজে ধরা পড়া তৃতীয় ব্যক্তি যার গায়ে সাদাটে রঙ এর জ্যাকেট ও মাথায় হ্যাট পরা ছিল তার সম্পর্কে আরো তথ্য দেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। সোমবার বেলজিয়াম পুলিশের পক্ষ থেকে ওই আবেদন জানানো হয়।

ওদিকে, হামলায় নিহতের সংখ্যা সোমবার বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বিবিসি। তিন আত্মঘাতী হামলাকারীকে ধরলে এই সংখ্যা হয় ৩৮। নিহতদের মধ্যে অন্তত ১২ জন বিদেশি নাগরিক। আহত হয়েছে প্রায় তিনশতাধিক মানুষ।

হামলার পর বেলজিয়াম, জার্মানি ও ফ্রান্স থেকে মোট ১২ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।

এছাড়া,জঙ্গিদের জাল কাগজপত্র সরবরাহের অভিযোগে ইতালি থেকে আলজেরিয় এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।