গুজম্যানের শীর্ষ ‘অর্থপাচারকারী’ গ্রেপ্তার
‘এল চাপো’ নামে পরিচিতি পাওয়া মেক্সিকোর মাদক সম্রাট জোয়াকুইন গুজম্যানের শীর্ষ অর্থপাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশটির কর্তৃপক্ষের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।
দেশটির দক্ষিণাঞ্চলীয় ওয়াক্সাকা রাজ্য থেকে হুয়ান ম্যানুয়েল আলভারেজ ইনজুনজা নামের এই অর্থপাচারকারীকে আটক করা হয়। তার ডাকনাম ‘কিং মাইডাস’।
মাদকচক্র সিনালোয়া কার্টেলের হয়ে বিভিন্ন কোম্পানি ও মানি এক্সচেঞ্জ কেন্দ্রের মাধ্যমে ইনজুনজা বছরে ত্রিশ থেকে চল্লিশ কোটি মার্কিন ডলার পাচারের জন্যে তাকে সন্দেহ করা হয়।
কঠোর নিরাপত্তা ব্যবস্থার জেল ভেঙ্গে পালানোর পর দেশটির মাদকচক্রের শীর্ষ হোতা গুজমানকে জানুয়ারিতে পুনরায় আটক করা হয়।
সিনালোয়া কার্টেলের শীর্ষ এই নেতাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি কেন্দ্রীয় আদালত ইনজুনজাকে গ্রেপ্তারের জন্য মেক্সিকো কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিল। ধারণা করা হচ্ছে তাকেও যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে।
