ঘুষ: যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তার কারাদণ্ড
ঘুষের বিনিময়ে মালয়েশীয় এক প্রতিরক্ষা ঠিকাদারের কাছে গোপন তথ্য ফাঁস করার দায়ে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তাকে প্রায় চার বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযুক্ত কর্মকর্তা ড্যানিয়েল ডুসেক বিলাসবহুল হোটেলে অবস্থান ও যৌনকর্মীদের সেবার বিনিময়ে ওইসব তথ্য ফাঁস করেন বলে জানিয়েছে বিবিসি।
বিচারে কারাদণ্ডের পাশাপাশি ডুসেককে ৭০ হাজার ডলার জরিমানা ও নৌবাহিনীকে ৩০ হাজার ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইতিহাসে এটি অন্যতম বড় ধরনের অবৈধ লেনদেনের ঘটনা। এ ধরনের ঘটনায় জড়িয়ে পড়া সামরিক কর্মকর্তাদের মধ্যে ডুসেকই সবচেয়ে উচ্চপদস্থ।
৪৯ বছর বয়সী ডুসেককে ৪৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়ে ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো আদালতের বিচারক জ্যানিস স্যামমার্তিনো বলেন, “আদালতের কাছে এটি সত্যি অকল্পনীয় যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে আপনার অবস্থানে থাকা একজন, হোটেল রুম, এন্টারটেনমেন্টে এবং যৌনকর্মীদের বিনিময়ে তথ্য পাচার করেছেন।”
ঘুষের বিনিময়ে ষড়যন্ত্র করার অভিযোগে ২০১৫ সালে দোষী সাব্যস্ত হন ডুসেক। আদালতকে তিনি বলেন, নিজের কৃত কর্মের জন্য তিনি কোনোদিন নিজেকে ক্ষমা করবেন না।
নৌবাহিনীর এই সাবেক ক্যাপ্টেন বেশ কয়েকজন কর্মরত ও সাবেক নৌ কর্মকতাদের অন্যতম যাদের বিরুদ্ধে কোটি কোটি ডলার ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে।
কর্মরত অবস্থার এক পর্যায়ে ডুসেক যুক্তরাষ্ট্রের সপ্তম নৌ-বহরের ডেপুটি ডিরেক্টর অব অপারেশন্স হিসেবে দায়িত্বপালন করেছেন।
