২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পালমিরায় দূর্গ পুনর্দখল করেছে সিরীয় বাহিনী

প্রাচীন নগরী পালমিরার নিয়ন্ত্রণ নিয়ে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়াইয়ে সিরিয়ার সরকারি বাহিনী আরো অগ্রগতি অর্জন করেছে বলে খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 02:00 PM

Updated : 12 Apr 2022, 01:42 AM

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে বিবিসি জানিয়েছে, নগরীর রোমান আমলের ধ্বংসাবশেষের পশ্চিম দিকের একটি পাহাড়ের উপর পুনর্নির্মিত ১৩শ শতকের একটি দূর্গের নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী।   

গেল বছরের মে মাসে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ পালমিরা ও সংলগ্ন আধুনিক শহরটি দখল করে নিয়েছিল আইএস। দখল করার পরপরই গোষ্ঠীটি শহরটির রোমান ধ্বংসাবশেষের মধ্যে অবস্থিত দুই হাজার বছরের পুরনো দুটি মন্দির, একটি তোরণ ও কয়েকটি স্তম্ভ গুঁড়িয়ে দেয়। এতে বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া হয়। 

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ও পর্যবেক্ষক গোষ্ঠীগুলো জানিয়েছে, শুক্রবার পালমিরার প্রান্তে রুশ বিমান হামলার সমর্থন নিয়ে সরকারি বাহিনীগুলো আইএসের সঙ্গে তীব্র লড়াই করেছে। 

সকালের মধ্যেই সরকারি বাহিনী শহরের পশ্চিম প্রান্তের সিরিয়াতেল পাহাড় দখল করে নেয়। এর কিছুক্ষণের মধ্যে কাছের কালাত শিরকুহ বা কালাত ইবন মান দূর্গটির নিয়ন্ত্রণ নেয় সরকারি বাহিনী।

সরকারপন্থি আল মায়াদ্বিন টেলিভিশন জানিয়েছে, ১৫০ মিটার উঁচু একটি পাহাড়ের উপর অবস্থিত দূর্গটি থেকে পুরো প্রাচীন রোমান নগরীটি নজরে পড়ে এবং কৌশলগতভাবে এর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও জানিয়েছে, লড়াই প্রাচীন নগরীর প্রান্তে পৌঁছে গেছে। পালমিরা শহরে আইএস নিয়ন্ত্রিত এলাকায় সিরীয় ও রুশ যুদ্ধবিমানগুলো অন্ততপক্ষে ৫৬টি লক্ষ্যে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ-ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠীটি।  

বৃহস্পতিরবার সরকার বাহিনী কিছুক্ষণের জন্য পালমিরা শহরে প্রবেশ করলেও পরে তাদের হটিয়ে দেয় আইএস যোদ্ধারা।  

পালমিরা আইএসমুক্ত হওয়ার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো। পালমিরায় চালানো আইএসের ধ্বংসযজ্ঞকে যুদ্ধাপরাধ বলে বর্ণনা করেছে সংস্থাটি।