২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসের হামলাস্থলে ব্রাসেলস হামলায় জড়িতের ডিএনএ

ব্রাসেলস বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় জড়িত দ্বিতীয় সন্দেহভাজনের নাম প্রকাশ করে নাজিম লাচরাওয়ি বলে জানিয়েছেন বেলজীয় কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 10:44 AM

Updated : 11 Oct 2022, 08:00 PM

নাজিমের ডিএনএ নভেম্বর মাসে প্যারিসে চালানো সন্ত্রাসী হামলার একটি স্থানে পাওয়া গেছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন ওই কর্মকর্তারা, খবর বিবিসির।

মঙ্গলবার ব্রাসেলস বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে চালানো দুটি আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত হন। এ হামলার সঙ্গে জড়িত তিনজনকে শুক্রবার ব্রাসেলস থেকে গ্রেপ্তারের পর এসব খবর পাওয়া যায়।

সরকারি আইনজীবীদের দপ্তর থেকে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, শুক্রবার ব্রাসেলসের ফরেস্ট, সেন্ট গিলেস এবং স্কাব্রিচ থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

সরকারি আইনজীবীরা জানিয়েছেন, এই গ্রেপ্তারগুলো বৃহস্পতিবার প্যারিসে চালানো একটি অভিযানের সঙ্গে সম্পর্কিত, সেখানে হামলা চালানোর একটি ছক উদঘাটন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্কাব্রিচে গ্রেপ্তার সন্দেহভাজনকে পায়ে গুলি করে গ্রেপ্তার করা হয়। পিঠে ব্যাগপ্যাক বহনরত এই সন্দেভাজনকে পুলিশ থামার নির্দেশ দিলেও সে পুলিশের নির্দেশ না মেনে এক নারী ও এক শিশুকে জিম্মি করে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

এ ঘটনায় মেইজার স্কয়ারের নিকটবর্তী একটি এলাকা ভারী অস্ত্রে সজ্জিত দাঙ্গা পুলিশ সিল করে দেয় এবং ঘটনাস্থলে সামরিক বাহিনীর গাড়ি উপস্থিত হয়।

Image
স্কাব্রিচে গুলিবিদ্ধ সন্দেহভাজনকে গ্রেপ্তার করে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ। ২৫ মার্চ, ২০১৬, রয়টার্স

স্কাব্রিচে গুলিবিদ্ধ সন্দেহভাজনকে গ্রেপ্তার করে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ। ২৫ মার্চ, ২০১৬, রয়টার্স

ওই প্রত্যক্ষদর্শীর বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, সন্দেহভাজন শিশুটিকে ছেড়ে দিলেও নারীকে মানবঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করে, কিন্তু তারমধ্যেই পুলিশের গুলিতে আতহ হয়।

আহতাবস্থায় তাকে গ্রেপ্তারের পর অবরোধ তুলে নিয়ে অভিযান শেষ করা হয়।

এই তিনজনকে নিয়ে ব্রাসেলস থেকে বৃহস্পতি ও শুক্রবার মিলিয়ে মোট নয়জনকে গ্রেপ্তার করা হল। এছাড়া প্যারিস থেকে রেদা ক্রিকেত (৩৪) নামে একজন ও জার্মানির ডুসেলডর্ফ ও গিসেন থেকে বুধ ও বৃহস্পতিবার আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।  

নাজিমের বিষয়ে বেলজীয় সরকারি আইনজীবীরা যে সব বিষয় জানিয়েছেন সেগুলো হল, প্যারিস হামলার অন্যতম স্থান বাতাক্লঁ কনসার্ট হলে পাওয়া একটি কাপড়ের টুকরায় এবং অপর হামলাস্থল স্তাদে দে ফ্রাঁসে স্টেডিয়ামের সামনে থেকে উদ্ধার করা একটি বোমায় তার ডিএনএ পাওয়া গেছে।

এছাড়া ব্রাসেলসের একটি ফ্লাট এবং দক্ষিণ বেলজিয়ামের আউভেলিস থেকেও নাজিমের ডিএনএ পাওয়া গেছে। দুটি জায়গায়ই প্যারিসের হামলাকারীরা ব্যবহার করেছিল।

চলতি সপ্তাহের আগ পর্যন্ত নাজিমের নাম সুফিয়ান কায়াল বলে জানা ছিল।

ব্রাসেলসের জাভেন্তাম বিমানবন্দরে বোমা হামলার সঙ্গে জড়িত তিন সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে বেলজীয় কর্তৃপক্ষ। এই তিনজনের মধ্যে ব্রাহিম এল বাকরাওয়ির নাম আগেই প্রকাশ করেছে কর্তৃপক্ষ। দ্বিতীয়জন নাজিম লাচরাওয়ি। তৃতীয়জনকে এখনও শনাক্ত করা যায়নি।

Image
স্কাব্রিচে ট্রামওয়ের প্লাটফর্মে পুলিশের গুলিতে আহতাবস্থায় পড়ে আছে এক সন্দেহভাজন। ২৫ মার্চ, ২০১৬, রয়টার্স

স্কাব্রিচে ট্রামওয়ের প্লাটফর্মে পুলিশের গুলিতে আহতাবস্থায় পড়ে আছে এক সন্দেহভাজন। ২৫ মার্চ, ২০১৬, রয়টার্স

প্যারিস হামলার অন্যতম সন্দেহভাজন সালাহ আব্দেস্লামকে ব্রাসেলস থেকে গ্রেপ্তারের পর কয়েকদিনের মধ্যেই বেলজিয়ামে রাজধানীতে জঙ্গি হামলা চালানো হয়। ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। প্যারিস হামলারও দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠীটি।

শুক্রবার বেলজীয় বিচারমন্ত্রী কোয়েন গিন্স জানিয়েছেন, আব্দেস্লাম প্রথমদিকে তদন্তকাজে সহযোগীতার আগ্রহ দেখালেও এখন আর তা দেখাচ্ছেন না। 

বেলজীয় পার্লামেন্টে তিনি বলেন, “ফেডারেল আইনজীবীরা এই মাত্র আমাকে জানালো, জাভেন্তামে (বিমানবন্দর) ও ব্রাসেলসের মেট্রোতে হামলা হওয়ার পর থেকে সালাহ আব্দেস্লাম আর কথা বলতে চাচ্ছেন না।”

শুক্রবার ব্রাসেলস হামলার একটি ভিডিও প্রকাশ করে হামলাটিকে ইরাকে ও সিরিয়ায় আইএসের নিয়ন্ত্রণাধীণ এলাকায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর হামলার শাস্তি হিসেবে উপস্থাপন করেছে আইএস।