২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন ব্যাংক হ্যাকিং: ৭ ইরানি অভিযুক্ত

ইরানের সাত হ্যাকার মিলে যুক্তরাষ্ট্রের অন্তত ৪৬টি বড় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে এবং নিউ ইয়র্কের একটি বাঁধ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Mar 2016, 09:25 PM

Updated : 12 Apr 2022, 01:42 AM

যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার এ অভিযোগ করা হয়। যুক্তরাষ্ট্র এই প্রথম অন্য কোনও দেশের নাগরিকদের নামে এ ধরনের অভিযোগ করল।

হ্যাকার হিসেবে যে নামগুলো প্রকাশ করা হয়েছে সেগুলো হল: আহমেদ ফাথী, হামিদ ফিরোজি, আমিন শকহি, সাদেঘ আহমদজাদেগান, ওমিদ ঘাফ্ফারিনিয়া, সিনা কাইসার এবং নাদের সিধি।

তারা সবাই ইরানের নাগরিক এবং সেখানে বসবাস করেন।

তারা ইরানের কম্পিউটার কোম্পানি আইটিসেকটিম ও মেরসাদ এ কাজ করার সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যাকিং করেছিলেন বলে অভিযোগনামায় বলা হয়।

যুক্তরাষ্ট্রের ধারণা, অভিযুক্ত সাত হ্যাকার ইরান সরকার ও দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ডের হয়ে কাজ করছে এবং ইরান সরকার তাদের হস্তান্তর করবে না।

নিউ ইয়র্ক সিটির একটি ফেডারেল গ্রান্ড জুরির পক্ষ থেকে বলা হয়, ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ওই হ্যাকাররা যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালায়।

এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে তেহরানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে রাজি হয়নি।

ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল লরেত্তা লিঞ্চ বলেন, “হামলাগুলো ছিল বিরতিহীন, এটি খুবই সৃশৃঙ্খল এবং ব্যাপকভাবে বিস্তৃত ছিল।”

নিউ ইয়র্কের রে ব্রুকে অবস্থিত বাঁধে সাইবার হামলার বিষয়ে লিঞ্চ বলেন, “বিশেষ করে বওম্যান অ্যাভিনিউ ড্যামে হামলার বিষয়টি খুবই গুরুতর। কারণ এটি একটি সুপরিচিত এবং গুরুত্বপূর্ণ আবকাঠামো।”

“সৌভাগ্যবশত ওই বাঁধটির পরিচালনা কার্যক্রমের দখল নেওয়া থেকে হ্যাকারদের ঠেকানো গেছে। হ্যাকারদের হামলার সময় নিয়মমাফিক সংস্কার কাজের জন্য স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত বাঁধটি ম্যানুয়ালি সংযোগ বিচ্ছন্ন করে রাখা হয়েছিল।”

এর আগে ওয়াশিংটনের পক্ষ থেক চীনের সামরিক কর্মকর্তা ও উত্তর কোরিয়া সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলা চালানোর অভিযোগ করা হয়েছিল।