২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেন যুদ্ধ: ‘বেসামরিক অর্ধেকের মৃত্যু সৌদি হামলায়’

ইয়েমেনে বিবদমান অন্য শক্তিগুলোর লড়াইয়ে যতজন বেসামরিক সাধারণ মানুষ নিহত হয়েছেন তার দ্বিগুণ নিহত হয়েছেন সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 12:08 PM

Updated : 12 Apr 2022, 01:39 AM

জাতিসংঘের মানবাধিকার প্রধান এই অভিযোগ করেছেন বলে বিবিসি জানিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোট ধারাবাহিকভাবে বেসামরিক মানুষ হত্যা ঠেকাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে এর নিন্দা জানিয়েছেন বিশ্বসংস্থাটির মানবাধিকার প্রধান জাইদ রাদ আল হুসেইন।

সৌদি জোটের বিমান হামলাই বেসামরিক নাগরিক হত্যার মূল কারণ বলে তিনি জানিয়েছেন।

২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। সেই সময় থেকে এখন পর্যন্ত দেশটিতে ৬ হাজারেরও বেশি মানুষ নিহত হন, যাদের অর্ধেকই সাধারণ মানুষ।

তবে অধিকসংখ্যক বেসামরিক নাগরিক হত্যার কথা প্রত্যাখ্যান করে সৌদি আরব জানিয়েছে, সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে তারা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মাস্তাবার একটি বাজারে বিমান হামলায় ১০৬ জন বেসামরিক সাধারণ মানুষ নিহত হওয়ার ঘটনার তিনদিন পর হুসেইন এই মন্তব্য করলেন।

ইয়েমেনের গৃহযুদ্ধে এককভাবে এটি অন্যতম ভয়াবহ হতাহতের ঘটনা।