২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬২ আরোহী নিয়ে রাশিয়ায় ফ্লাইদুবাইয়ের বিমান বিধ্বস্ত

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-দনে ফ্লাইদুবাইয়ের যাত্রীবাহী বিমান ফ্লাইট এফজেড৯৮১ বিধ্বস্ত হয়ে ৬২ আরোহীর সবাই নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 08:39 AM

Updated : 11 Oct 2022, 07:58 PM

বোয়িং কোম্পানির ৭৩৭-৮০০ জেট বিমানটি দুবাই থেকে রোস্তভ-অন-দন বিমানবন্দরে অবতরণ করা সময় বিধ্বস্ত হয় বলে শনিবার জানিয়েছে টিভি-নভোস্তির নিউজ সাইট আরটি নিউজ অ্যাপ।

দৃশ্যমানতার অভাবে প্রথমবার ব্যর্থ হওয়ার পর দ্বিতীয়বারের চেষ্টায় অবতরণকালে রানওয়ের কাছে বিমানটি বিধ্বস্ত হয়ে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

ইন্টারফ্যাক্সকে একটি সূত্র বলেছে, “প্রাথমিক তথ্যানুযায়ী, ঠিক মতো দেখা না যাওয়ার কারণে বোয়িং ৭৩৮ রানওয়ে থেকে ৫০-১০০ মিটার দূরে বিধ্বস্ত হয়েছে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বিমানটিতে ৫৫ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে আঞ্চলিক জরুরি মন্ত্রণালয়। 

আঞ্চলিক কর্তৃপক্ষের এক মুখপাত্র বার্তা সংস্থা তাসকে বলেছেন, “অবতরণের সময় একটি বোয়িং-৭৩৭ বিধ্বস্ত হয়েছে। এতে ৫৫ জন যাত্রী ছিল, তারা সবাই নিহত হয়েছেন।” 

বার্তা সংস্থা আরআইএ-কে অন্য একটি সূত্র জানিয়েছে, বিমানের যাত্রীরা সবাই রুশ নাগরিক, কিন্তু ফ্লাইট ক্রু-রা বিদেশী কয়েকটি দেশের নাগরিক।

প্রাথমিকভাবে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে যাত্রীর সংখ্যা একশরও বেশি হতে পারে বলে বলা হয়েছিল। 

সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজ ইউটিউবে প্রকাশ করে সেটিকে বিমানটি মাটিতে আঘাত করার সময় হওয়া বিস্ফোরণের মূহুর্ত বলে দাবি করা হয়েছে। তবে এর নির্ভযোগ্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

জরুরি কর্মীরা বিমান বিধ্বস্তের স্থলে কাজ করছেন এবং ইতোমধ্যেই আগুন নিভিয়ে ফেলেছেন বলে জানা গেছে।

শনিবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত বিমানবন্দরটির সব কার্যক্রম বন্ধ থাকবে বলে এক ঘোষণায় জানিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে ছয়টি বিমানের উড্ডয়ন দেরি হবে বলে জানা গেছে। 

লাইফনিউজের সূত্রগুলো জানিয়েছে, প্রথম অবতরণ প্রচেষ্টায় বিমানটি অবতরণে ব্যর্থ হয়ে আবার অবতরণের চেষ্টা করে, এ সময় বিমানটির লেজের অংশ মাটিতে আঘাত করে। তৎক্ষণাত বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।

রোস্তভ-অন-দন বিমানবন্দরে ফ্লাইট এফজেড৯৮১ দুর্ঘটনায় পড়েছে, বিষয়টি তাদের অবগত আছে বলে নিশ্চিত করেছে ফ্লাইদুবাই। 

“আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি এবং আরো তথ্য পাওয়ার পর একটি আপডেট প্রকাশ করবো,” বলেছে এয়ারলাইনটি।