২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান ছাড়লেন মুশাররফ

পাকিস্তানের সাবেক একনায়ক জেনারেল পারভেজ মুশাররফ চিকিৎসার জন্য দুবাই গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 01:22 PM

Updated : 12 Apr 2022, 01:39 AM

সুপ্রিম কোর্ট তার উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একদিন পর তিনি পাড়ি জমালেন দেশের বাইরে।

মুশাররফের আইনজীবীর বরাতে বিবিসি বলছে, তার (মুশাররফ) জরুরিভিত্তিতে বিশেষ চিকিৎসার প্রয়োজন যা পাকিস্তানে সম্ভব নয়।

২০১৩ সালে স্বেচ্ছানির্বাসন থেকে পাকিস্তানের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য ফিরেছিলেন মুশাররফ। কিন্তু দেশে আসার পরই মুশাররফকে তার ক্ষমতায় থাকাকালীন বেশকিছু অপরাধের অভিযোগে আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হয়।

দুবাই যাওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, আইনি লড়াই চালানোর জন্য তিনি দ্রুত আবার ফিরে আসবেন।

স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, “আমি একজন কমান্ডো। আমি দেশকে ভালবাসি। কয়েক সপ্তা বা মাস পর আমি আবার ফিরে আসবো।”

২০০৭ সালে পাকিস্তানে জরুরি অবস্থা জারি এবং একই বছর দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের সঙ্গে মুশাররফের বিরুদ্ধে চলা মামলাগুলোর সম্পৃক্ততা রয়েছে।

অবশ্য ৭০ বছর বয়সী মুশাররফ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।