২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে সুখী ডেনিশরা

বিশ্বে ডেনমার্কবাসীরা এখন সবচেয়ে সুখী মানুষ, আর নিজেদের সবচেয়ে অসুখী ভাবেন আফ্রিকার দেশ বুরুন্ডির নাগরিকরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Mar 2016, 09:18 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

চতুর্থ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এই চিত্রের দেখা মিলেছে; যা স্পষ্ট করেছে, যেখানে সামাজিক অসাম্য কম, সেসব দেশের মানুষই বেশি ‍সুখী।

জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক (এসডিএসএন) ও আর্থ ইনস্টিটিউট অফ কলম্বিয়া ইউনিভার্সিটির বুধবার এই তালিকা প্রকাশ করেছে।

তালিকায় ১০ এর মধ্যে ৭ দশমিক ৫২ স্কোর নিয়ে সবার শীর্ষে রয়েছে ডেনমার্ক। আর ২.৯০ স্কোর নিয়ে সবার নিচে আছে বুরুন্ডি।

এই তালিকায় বাংলাদেশের স্থান ১১০ নম্বরে, ৪ দশমিক ৬৪ স্কোর নিয়ে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সামনে রয়েছে ভুটান (৮৪তম), পাকিস্তান (৯২তম) ও নেপাল (১০৭তম)।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে অসুখী মানুষ যুদ্ধপীড়িত আফগানিস্তানের নাগরিকরা। তালিকায় তাদের স্থান ১৫৪ ক্রমিকে। তাদের সামনে রয়েছে ভারত (১১৮তম) ও শ্রীলঙ্কা (১১৭তম)।

১৫৭টি দেশের প্রতিটির ১ হাজার মানুষকে প্রশ্ন করে সুখের এই তালিকাটি তৈরি হয়েছে। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই জরিপ চালানো হয়।

তালিকায় ডেনমার্কের পরের ১০টি স্থানে রয়েছে যথাক্রমে সুইজারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড,কানাডা, নেদারল্যান্ডস, নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া ও সুইডেন।

যুক্তরাষ্ট্রের অবস্থান ১৩তম, যুক্তরাজ্য ২৩তম, ফ্রান্স ৩২তম ও ইতালি ৫০তম অবস্থানে রয়েছে।

এই তালিকা অনুযায়ী, এশিয়ায় সবচেয়ে সুখী মানুষ ইসরায়েলিরা (১১তম)। তালিকায় তাদের পরের এশীয় দেশটি হচ্ছে সিঙ্গাপুর (২২তম)।

তালিকার শীর্ষভাগে যেমন ইউরোপের প্রাধান্য, তেমনি নিচের দিকে প্রাধান্য আফ্রিকার। তাদের সঙ্গে রয়েছে এশিয়ার যুদ্ধপীড়িত দুটি দেশ।

তালিকায় সবার নিচে বুরুন্ডির উপরের দেশগুলো হচ্ছে- সিরিয়া, টোগো, আফগানিস্তান, বেনিন, রোয়ান্ডা, গিনি, লাইবেরিয়া, তানজানিয়া ও মাদাগাস্কার।