মানবাধিকার লঙ্ঘণের অভিযোগ খুনি ব্রেইভিকের
বিচ্ছিন্ন অবস্থায় বন্দি করে রাখায় সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘণের অভিযোগ করেছেন নরওয়েতে নির্বিচার হত্যাকাণ্ড ঘটানো খুনি অ্যান্ডার্স বেরিং ব্রেইভিক।
মঙ্গলবার আদালতে উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ করেন বলে জানিয়েছে বিবিসি।
এর আগে কারাগারে নিজের বন্দি অবস্থাকে ‘অত্যাচারের’ সঙ্গে তুলনা করেন তিনি।
২০১১ সালের জুলাই মাসে অ্যান্ডার্স বেরিং ব্রেইভিক অসলোর সরকারি স্থাপনায় বোমা বিস্ফোরণ ঘটান এবং উটোয়া দ্বীপে নরওয়েজিয়ান লেবার পার্টির গ্রীষ্মকালীন তরুণ ক্যাম্পে বন্দুক হামলা চালান যেখানে নিহতদের মধ্যে অনেকেই ছিল কিশোর।
ব্রেইভিকের গুলিতে প্রাণ হারান ৭৭ জন নিরপরাধ মানুষ। তিনি বর্তমানে ২১ বছরের কারাবাস ভোগ করছেন।
৩৭ বছর বয়সী ব্রেইভিক নরওয়ে সরকারের বিরুদ্ধে মানবাধিকারের ইউরোপীয় কনভেনশনের দুটি ধারা লঙ্ঘণ করার অভিযোগ এনেছেন।
এই ধারা দুটির একটিতে ‘ব্যক্তিগত ও পারিবারিক জীবন’ এর অধিকারের প্রতি শ্রদ্ধা দেখানোর এবং ‘লিখিত যোগাযোগ’ এবং ‘অমানবিক ও লাঞ্ছনাকর ব্যবহার অথবা শাস্তি’ বিষয়গুলো নিষেধ করা হয়েছে।
ব্রেইভিকের আইনজীবী জানিয়েছেন, বিচ্ছিন্নতার কারণে খুব বিমর্ষ হয়ে আছেন ব্রেইভিক।
ব্রেইভিককে অসলো থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে স্কিয়েন কারাগারে রাখা হয়েছে।
