৪ বছর বয়সী ছেলের হাতে বন্দুক, গুলিতে মা আহত
গাড়িতে থাকা বন্দুক নেড়েচেড়ে দেখতে গিয়ে চারবছরের এক ছেলের হাত থেকে বেরিয়ে যায় গুলি; আর তাতে আহত হয়ে হাসপাতালে গেছেন যুক্তরাষ্ট্রের এক মা।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার উত্তরাঞ্চলে ওই ঘটনায় আহত ৩১ বছর বয়সী জেমি গিল্ট আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। গুলির ঘটনায় শিশুটির কোনো ক্ষতি হয়নি।
পুলিশকে শিশুটির মা জানিয়েছেন, গাড়ির পেছনের আসনে বসেছিল তার ছেলে। আর তিনি ছিলেন সামনের আসনে।
ফেইসবুক পৃষ্ঠায় ‘জ্যামেই গিল্ট ফর গান সিন’ লেখা থাকলেও তিনিই সেই গুলিতে আহত ব্যক্তি কিনা তা নিশ্চিত নয়। ছবি: বিবিসি
পুলিশের বরাতে ফ্লোরিডা টাইমস-ইউনিয়ন নামের একটি পত্রিকা লিখেছে, দশমিক ৪৫ ক্যালিবারের একটি হ্যান্ডগান গাড়ির মেঝেতে পড়েছিল। কৌতুহল থেকে শিশুটি সেটি কুড়িয়ে নাড়াচাড়া করার সময় গুলি বেড়িয়ে যায়; পেছন থেকে আসন ভেদ করে লাগে মায়ের গায়ে।
ফেইসবুকে জেমি গিল্ট নামে এক নারীর অ্যাকাউন্ট পাওয়া যায়, যার বাড়ি জ্যাকসনভিলে। যুক্তরাষ্ট্রে যারা অস্ত্র আইনের স্বাধীনতার পক্ষে প্রচার চালাচ্ছেন, তিনি তাদেরই একজন।
তবে ফেইসবুকের রাইফেল হাতের এই জেমি গিল্টই সেই গুলিবিদ্ধ মা কি-না, তা নিশ্চিত করতে পারেনি ফ্লোরিডা টাইমস-ইউনিয়ন।
