‘আইএস কমান্ডার শিশানি এখনও জীবিত’
যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেটের (আইএস) সামরিক কামান্ডার আবু ওমর আল-শিশানির মৃত্যুর খবর জানালেও তিনি এখনও জীবিত এবং গুরুতর আহত বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
সংগঠনটির পরিচালক রমি আব্দুল রহমান রয়টার্সকে বলেন, “তিনি (আবু ওমর আল-শিশানি) মারা যাননি। তবে মারাত্মকভাবে জখম হয়েছেন। তাকে চিকিৎসার জন্য রাক্কায় নিয়ে যাওয়া হয়েছে।”
অবজারভেটরির দাবি, তারা সিরিয়ার মাঠ পর্যায় থেকে এ বিষয়ে তথ্য পেয়েছে। তবে রয়টার্স খবরটি নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি বলে জানিয়েছে।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছিলেন, তাদের বিমান হামলায় শিশানির মৃত্যু হয়েছে। যিনি ‘ওমর দ্য চেচেন’ নামেও পরিচিত।
পেন্টাগন তাকে আইএস’ এর ‘যুদ্ধমন্ত্রী’ হিসেবে বর্ণনা করেছে। সিরিয়ার আল-শাদাদি শহরের কাছে বিমান হামলায় তিনি মারা গেছেন বলে তখন জানানো হয়েছিল।
১৯৮৬ সালে জর্জিয়ায় জন্ম গ্রহণ করেন আবু ওমর আল-শিশানি। ওই সময় জর্জিয়া সভিয়েত ইইউনিয়নের অংশ ছিল।
পেন্টাগন কর্মকর্তাদের ধারণা, গত মাসে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় আরব জোট বাহিনীর হাতে আল শাদিদ শহর পতনের পর আইএস যোদ্ধাদের উজ্জীবিত করতে শিশানিকে সেখানে পাঠানো হয়েছিল।
