২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান্ডেলার নাতির ধর্ষণের অভিযোগ তুলে নিল আদালত

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা প্রয়াত নেলসন ম্যান্ডেলার এক নাতির বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ সাময়িকভাবে তুলে নিয়েছে আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 10:13 AM

Updated : 12 Apr 2022, 01:36 AM

দেশটির জাতীয় আইন কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে, আরো অধিকতর তদন্তের জন্য ২৪ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের মামলা সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছে।

ওই ব্যক্তির নাম আইনি বাধ্যবাধকতার কারণে প্রকাশ করা হয়নি।

২০১৫ সালে জোহানেসবার্গে একটি টয়লেটে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেন ১৫ বছর বয়সী এক বালিকা।

কিন্তু ম্যান্ডেলার নাতি দাবি করছেন, ওই বালিকার সম্মতিতেই তাদের মাঝে শারীরিক সম্পর্ক স্থাপিত হয় এবং তিনি মনে করেছিলেন বালিকার বয়স যথেষ্ঠ।

আইন কর্মকর্তারা এখন বলছেন, নতুন তথ্য সামনে চলে এসেছে। আর এ কারণে বিষয়টি খোলাসা হওয়ার জন্য তাদের আরো সময় প্রয়োজন।

পরবর্তী সময়ে তারা অভিযোগ পুনর্বহাল করতে পারেন বলেও দাবি করেছেন।

গেল বছরের অগাস্টে শুনানি চলাকালে ম্যান্ডেলার নাতনির আইনজীবীরা আদালতে দাবি করেন, ওই ঘটনার সময় বালিকার বয়স ১৬ ছিল আর যা ঘটেছে তা তার সম্মতিতেই।

দক্ষিণ আফ্রিকার আইন অনুযায়ী ১৬ বছরের কম বয়সী কারো সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন ধর্ষণের পর্যায়ভুক্ত বলে গণ্য হয়। এক্ষেত্রে সম্মতি কিংবা অসম্মতি বিবেচনায় আনা হয় না।