২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘উত্তর কোরিয়ার ক্ষুদ্র পারমাণবিক ওয়ারহেড আছে’

উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্রের ক্ষুদ্র সংস্করণ রয়েছে এবং তা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে উৎক্ষেপণ করা সম্ভব বলে দাবি করেছেন দেশটির নেতা কিম জং উন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 08:44 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিজেদের অস্ত্রভান্ডারের সক্ষমতা ও নির্ভুলতার আরও উন্নতির নির্দেশও দিয়েছেন কিম। এছাড়া যেকোনো সময়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার উপর হামলা চলানোর জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন তিনি।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া কোরীয় উপদ্বীপে তাদের বার্ষিক সামরিক মহড়া শুরু করেছে। অতীতের তুলনায় এবছরই সবচেয়ে বেশি সেনা এ মহড়ায় অংশ নিচ্ছে।

উত্তর কোরিয়া এই সামরিক মহড়াকে ‘পারমাণবিক যুদ্ধের মহড়া’ বলে বর্ণনা করেছে এবং যে কোনো ধরনের আক্রমণের জবাব দেওয়ার হুমকি দিয়েছে।

কিমের বরাত দিয়ে কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, “ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে স্থাপণযোগ্য পরমাণু টর্পেডোর ক্ষুদ্র সংস্করণ প্রস্তুত করা হয়েছে।” “তিনি আরও শক্তিশালী, নির্ভুল ও ক্ষুদ্র আকারের পরমাণু ওয়ারহেড এবং সেটির উৎক্ষেপণ ব্যবস্থার উন্নতির গুরুত্বের উপর জোর দিয়েছেন।”

এ বছর ৬ জানুয়ারিতে হাইড্রোজেন বোমার ক্ষুদ্র সংস্করণের পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র পরমাণু টর্পেডোর ক্ষুদ্র সংস্করণের সঙ্গে কিমের ছবি দিয়েছে।

তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ওই ছবি প্রকাশের পরও উত্তর কোরিয়ার ক্ষুদ্র পরমাণু ওয়ারহেড নির্মাণে সফলতার বিষয়টি তারা বিশ্বাস করছে না।

কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজক পরিস্থিতি নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই টেলিফোনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে রয়টার্স। মন্ত্রী উভয় পক্ষকে শান্ত ও ধৈর্য্য ধারনের আহ্বান জানিয়েছেন।

জানুয়ারিতে উত্তর কোরিয়া চতুর্থবারের মত পরমাণু অস্ত্র পরীক্ষা এবং ফেব্রুয়ারিতে পৃথিবীর কক্ষপথে রকেট উৎক্ষেপণের পর যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ দেশটির ‍উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী মিত্র চীনও তাদের এ পরীক্ষার সমালোচনা করেছে।