২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা লুলার

রাষ্ট্রায়ত্ত তেল প্রতিষ্ঠানের এক অর্থ কেলেঙ্কারির সাথে সম্পৃক্ততার যে অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 03:00 PM

Updated : 11 Oct 2022, 07:53 PM

পুরনো খবর:

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা আটক

বিবিসি বলছে, ব্রাজিলের রাষ্ট্রায়ত্ত তেল প্রতিষ্ঠান পেট্রোব্রাস-এর এক অর্থ কেলেঙ্কারিতে মিলিয়ন ডলার ঘুষ এর সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে লুলা ডি সিলভার বাসভবনে আকস্মিক অভিযান চালায় পুলিশ।

পাশাপাশি, তার পরিবার ও তার দাতব্য প্রতিষ্ঠান গুলোতেও পুলিশ অভিযান চালায় এবং তাকে প্রায় তিন ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদও করা হয়।

শুক্রবার পুলিশ তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদের পর তিনি বলেন, “আমি ভীত নই।”

লুলা ডি সিলভাকে আটকের ঘটনায় সাও পাওলোতে তার বাসভবনের বাইরে সমর্থকদের সঙ্গে পুলিশের হালকা সহিংসতা হয়।

সাংবাদিকদের তিনি বলেন, “আমি পাঁচ বছর বয়সে ক্ষুধা থেকে বেঁচে ফিরেছি...এই দেশকে সেরা প্রেসিডেন্ট হিসেবে আমি পরিচালনা করেছি। দেশটির দরিদ্র জনগণ আমাকে পুনর্নিবাচিত করেছিল কারণ তারা এখন খেতে পারছে।”

সাবেক একজন প্রেসিডেন্টকে এইভাবে আটক করে জিজ্ঞাসাবাদের ঘটনায় সমালোচনা করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট দিলমা রৌসেফও।

Image
লুলা ডি সিলভাকে আটকের ঘটনায় সাও পাওলোতে তার বাসভবনের বাইরে সমর্থকদের সঙ্গে পুলিশের হালকা সহিংসতা হয়। ছবি: রয়টার্স

লুলা ডি সিলভাকে আটকের ঘটনায় সাও পাওলোতে তার বাসভবনের বাইরে সমর্থকদের সঙ্গে পুলিশের হালকা সহিংসতা হয়। ছবি: রয়টার্স

Image
সাও পাওলোতে লুলা ডি সিলভার বাসভবনের বাইরে কেন্দ্রীয় পুলিশের অবস্থান। ছবি: রয়টার্স

সাও পাওলোতে লুলা ডি সিলভার বাসভবনের বাইরে কেন্দ্রীয় পুলিশের অবস্থান। ছবি: রয়টার্স

রৌসেফ বলেন,  লুলার ডি সিলভার মত একজন সাবেক প্রেসিডেন্ট, যিনি নিজে স্বেচ্ছায় গিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে বক্তব্য পেশ করে এসেছেন এবং ব্যাখ্যা দিয়ে এসেছেন, তাকে এভাবে ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় আমি আমরা তীব্র অসন্তোষ প্রকাশ করছি।

লুলা ডি সিলভা বলেন, তাকে আটক করার কোনো প্রয়োজন ছিল না। পুলিশ যদি তার কাছে থেকে কোনো বক্তব্য শুনতে চাইতো তাহলে পুলিশ তাকে জানালে তিনি নিজেই গিয়ে কথা বলে আসতেন।

ব্রাজিলের বামপন্থী রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব এবং ওয়ার্কার্স পার্টির নেতা  লুলা ডা সিলভা ২০১১ সালে ক্ষমতা ছাড়েন।

পেট্রোবাসে কোনও দুর্নীতি বা অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তবে পুলিশ তার দুর্নীতির প্রমাণ আছে বলেই দাবি করেছে এবং অবৈধ অর্থ ক্ষমতাসীন দল ওয়ার্কাস পার্টির বিভিন্ন কাজে ব্যয় হয়েছে বলে জানিয়েছে।

পুলিশ জানায়, লুলার বিরুদ্ধে তাদের কাছে ৩৩টি তল্লাশি পরোয়ানা এবং ১১টি আটক পরোয়ানা রয়েছে।

পেট্রোব্রাসে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে দীর্ঘদিন ধরে লুলার বিরুদ্ধে তদন্ত চলছে, যা ‘অপারেশন কার ওয়াশ’ নামে পরিচিত।

এই তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য রিও ডি জেনিরো, সাও পাওলো ও বাহিয়া রাজ্যে কেন্দ্রীয় পুলিশের প্রায় ২০০ সদস্য নিয়োজিত রয়েছে।

পেট্রোব্রাসের সঙ্গে চুক্তির চাইতে বেশি অর্থগ্রহণ করা এবং সেই অর্থ ঘুষ হিসেবে প্রদাণে জড়িত সন্দেহে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন লুলা।