২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাখ ডলারের সাহিত্যপুরস্কারকে ‘ভুয়া’ ভেবেছিলেন লেখক

দেড় লাখ ডলার মূল্যের উইন্ডহ্যাম-ক্যাম্পবেল সাহিত্য পুরস্কারে মনোনীত হওয়ার ইমেইল ভুয়া নয় সত্যি, এটা জানার পর ‘চেয়ার থেকেই পড়ে গিয়েছিলেন’ অস্ট্রেলিয়ার একজন লেখক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 03:06 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

অস্ট্রেলিয়া ব্রডকাস্টিং কর্পোরেশনকে হেলেন গার্নার নামের ওই লেখক বলেন, ‘আমি এসব কী দেখছি? নিশ্চয় কেউ  আমার পিছনে লেগেছে।’

গার্নার ওই ইমেইলটি স্প্যাম ভেবে মুছেও ফেলতে চেয়েছিলেন। কিন্তু কী ভেবে তা তিনি করেননি।

এরপর তিনি তার প্রকাশককে ফোন করে জানতে পারলেন এই নামে সাহিত্য পুরস্কারের অস্থিত্ব রয়েছে।

সাহিত্যে বিশ্বের অন্যতম দামী পুরস্কার উইন্ডহ্যাম-ক্যাম্পবেল পুরস্কার। অস্ট্রেলিয়ার ৭৩ বছর বয়সী হেলেন গার্নার নন-ফিকশন বিভাগে এই পুরস্কার অর্জন করেছেন।

উপন্যাস লেখার পাশাপাশি নন-ফিকশন ও চিত্রনাট্যও লিখেন গার্নার। ১৯৭৭ দশকে গার্নারের লেখা ‘মাঙ্কি গ্রিপ’ কে অস্ট্রেলীয় সাহিত্যে ক্লাসিক বলে বিবেচনা করা হয়।

অন্যান্য যে লেখকেরা উইন্ডহ্যাম-ক্যাম্পবেল সাহিত্য পুরস্কারের ইমেইল পেয়েছেন তারাও গার্নারের মতোই বিস্মিত হয়েছেন। কেননা এই পুরস্কারের জন্য বই বা অন্য কোনোকিছু পাঠানো বা জমা দেওয়ার কোনো বিষয় নেই।

ওয়েবসাইটে ইয়েল জানিয়েছে, অজ্ঞাতভাবে লেখকদের লেখা বিচার করা হয়। এবং লেখকেরা জানেনও না যে তারা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।