২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুপার টিউসডে’র বিশাল জয়ের অপেক্ষায় ট্রাম্প-হিলারি

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ায় মঙ্গলবার ১২টি অঙ্গরাজ্যে একযোগে ভোটাভুটির ‘সুপার টিউসডে’তে ডেমোক্র্যাট ও রিপাবলিকন দুই দলের শীর্ষ প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প বিপুল ব্যবধানে জয়লাভ করবেন বলে আভাস পাওয়া যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 08:15 PM

Updated : 12 Apr 2022, 01:32 AM

নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে কে কোন দলের প্রার্থী হতে যাচ্ছেন তা নির্ধারণের অংশ হিসেবে রাজ্যগুলোতে প্রাইমারি ভোট অনুষ্ঠিত হয়। মঙ্গলবার যে রাজ্যগুলোতে ভোট হবে সেগুলোতে রয়েছে দুই দলেরই বহু সংখ্যক ডেলিগেট, ভোটাভুটিতে নির্ধারিত হবে তারা কে কার পক্ষে যাবে।

 এর আগে চারটি রাজ্যে প্রাইমারি ভোট হয়েছে। যেগুলোতে প্রথমটি বাদে বাকি তিনটিতেই টানা জয় পেয়েছেন ট্রাম্প। টেক্সাসে প্রথম প্রাইমারিতে রিপাবলিকান দল থেকে ট্রাম্পের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন টেড ক্রুজ। ক্রুজ টেক্সাসের সিনেটর।

নিউ ইয়র্কের আবাসন ব্যবসায়ী ধনকুবের ট্রাম্প এক সময় রিয়েলিটি টিভি তারকা ছিলেন। যিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ, মুসলিমদের যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়া ও অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার কথা বলে ব্যাপকভাবে সমালোচিত হন।

ট্রাম্পের বিরুদ্ধে বিভাজনের বীজ বপন করার অভিযোগও রয়েছে। ‘সুপার টিউসডের' আগের দিন সোমবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের র‌্যাডফোর্ডে তা নগ্নভাবে প্রকাশ পায়। 

যদিও প্রাইমারিগুলোতে টানা জয় তার জনপ্রিয়তার ইঙ্গিতই দিচ্ছে। রিপাবলিকান দল থেকে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা হলেন: ক্রুজ, ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও, ওহাইওর গভর্নর জন কাসিচ  ও অবসরপ্রাপ্ত নিউরোসার্জন বেন কারসন। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,  ট্রাম্পের এই এগিয়ে যাওয়া রিপাবলিকান নেতাদের মধ্যেই উদ্বেগের সৃষ্টি করছে। অনেকেই ট্রাম্পকে সমর্থন করছেন না এবং তাদের আশঙ্কা নভেম্বরের নির্বাচনে হিলারি সহজেই তাকে হারিয়ে দেবেন।

অন্যদিকে ডেমোক্রাট দল থেকে চারটি প্রাইমারির তিনটিতে জয়লাভ করেছেন হিলারি ক্লিন্টন। সুপার টিউসডে’তে কৃষ্ণাঙ্গ অধ্যুষিত দক্ষিণের ছয়টি রাজ্যে হিলারি বড় ব্যবধানে জয়লাভ করবেন বলেই ধারণা করা হচ্ছে।

বাকি পাঁচটি রাজ্যে ভারমন্ট সিনেটর বের্নি স্যান্ডার্স জয়লাভ করতে পারেন।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কারা মনোনয়ন পেতে চলেছেন, ‘সুপার টিউসডে’র পরই সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।