২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ শরণার্থী সঙ্কট: ফ্রান্সের ক্যালেতে সংঘর্ষ

ফ্রান্সের ক্যালে বন্দর এলাকায় জাঙ্গল নামে পরিচিত শরণার্থী শিবিরে শরণার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 10:50 AM

Updated : 11 Oct 2022, 07:51 PM

বিবিসি বলছে, সোমবার সরকারি উচ্ছেদকারী দল জাঙ্গল শিবিরটি উচ্ছেদ করা শুরু করলে শরণার্থীরা প্রতিরোধের চেষ্টা করে। তারা শিবিরের ভিতরে পাথর ছুড়ে উচ্ছেদে বাধা দেওয়ার চেষ্টা করে।

উত্তেজিত শরণার্থীদের লক্ষ করে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে দাঙ্গা পুলিশ। এ সময় শিবিরটির অন্ততপক্ষে ১২টি ঘরে আগুন দেওয়া হয়। আগুন থামাতে জলকামান ব্যবহার করা হয়। 
  
শিবিরের যেসব ঘরে মানুষ বসবাস করছে সেগুলো উচ্ছেদ না করে শিবিরের দক্ষিণাংশে চলে যায় উচ্ছেদকারীরা। উচ্ছেদ শেষে শিবিরের ওই অংশে অল্প কিছু স্থাপনা শুধু অবশিষ্ট আছে।  

অস্থায়ী এই শিবিরটি থেকে সরিয়ে শরণার্থীদের অভ্যর্থনা কেন্দ্রগুলোতে রাখতে চায় সরকার। কিন্তু শিবিরটিতে বসবাসকারীরা সাগরের প্রণালি পার হয়ে যুক্তরাজ্যে যেতে চায়। এ উদ্দেশে মানব পাচারকারীদের সহায়তা নিয়ে প্রায়ই অবৈধভাবে সেখানে যাওয়া চেষ্টা করে তারা। 

রাতে অন্ধকারের সুযোগ নিয়ে শরণার্থীদের দল ক্যালে বন্দরমুখি ট্রাকগুলোতে উঠে পড়তে চেষ্টা করে। এদের ফিরিয়ে আনতেও দাঙ্গা পুলিশ কাঁদুনে গ্যাস ব্যবহার করে।  

শিপিং কন্টেইনার রূপান্তরিত করে জাঙ্গল শিবিরের অনতিদূরে সরকারিভাবে আশ্রয় কেন্দ্র গড়ে তোলা হয়েছে। 
 
শরণার্থীদের সেখানে নেওয়ার চেষ্টা করছে সরকার। কিন্তু তাদের সবাইকে ফ্রান্সে আশ্রয় নিতে বাধ্য করা হতে পারে আশঙ্কায় বেশিরভাগ শরণার্থীই সেখানে যেতে অস্বীকার করেছে। 

Image
ফ্রান্সের ক্যালে বন্দর এলাকায় জাঙ্গল নামে পরিচিত শরণার্থী শিবিরে দাঙ্গা পুলিশের সতর্ক অবস্থান। ছবি: রয়টার্স

ফ্রান্সের ক্যালে বন্দর এলাকায় জাঙ্গল নামে পরিচিত শরণার্থী শিবিরে দাঙ্গা পুলিশের সতর্ক অবস্থান। ছবি: রয়টার্স

Image
ফ্রান্সের ক্যালে বন্দর এলাকায় জাঙ্গল নামে পরিচিত শরণার্থী শিবিরের একটি অস্থায়ী বাসস্থানে আগুন জ্বলছে। ছবি: রয়টার্স

ফ্রান্সের ক্যালে বন্দর এলাকায় জাঙ্গল নামে পরিচিত শরণার্থী শিবিরের একটি অস্থায়ী বাসস্থানে আগুন জ্বলছে। ছবি: রয়টার্স

জাঙ্গল শিবিরের যে কয়েশত শরণার্থীকে উচ্ছেদ করা হয়েছে তারা এখন কোথায় যাবে তা শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। 

তারা আশঙ্কা করছে, উচ্ছেদের পর তাদের আঙুলের ছাপ নিয়ে তাদের ফ্রান্সে আশ্রয় নিতে বাধ্য করা হতে পারে, এতে তাদের যুক্তরাজ্যে পৌঁছানোর স্বপ্ন শেষ হয়ে যাবে। 

উচ্ছেদ পরিকল্পনার কারণে প্রায় এক হাজার শরণার্থী ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। কিন্তু ত্রাণ সংস্থাগুলো জাঙ্গল শিবিরে আরো বেশি মানুষ বসবাস করছে বলে দাবি করেছে। 
 হালকা গাছপালা ঘেরা শিবির এলাকা থেকে বের হয়ে শরণার্থীরা ক্যালে বন্দরের দিকে যাওয়া সড়কে জড়ো হয়েছিল। সেখানে সোমবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত শরণার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল।
 
ফরাসি গণমাধ্যমগুলো জানায়, প্রায় দেড়শর মতো মানুষ গাড়ি আটকানোর উদ্দেশ্যে ক্যালেমুখি সড়কে উঠে পড়েছে। এদের অনেকের হাতেই লোহার ডাণ্ডা আছে। দাঙ্গা পুলিশ এদের শিবিরে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। 

সোমবার সারাদিনে জাঙ্গল শিবিরের প্রায় ১০০টি ঘরে ভেঙে দেওয়া হয়েছে। উচ্ছেদকারী দল মঙ্গলবার সকালে আবার আসবে বলে ধারণা করা হচ্ছে। 

সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে যুক্তরাজ্যভিত্তিক ‘নো বর্ডারস গ্রুপ’ এর আন্দোলনকারীসহ অন্ততপক্ষে চারজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।