সিরিয়ায় সরকারের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ
সিরিয়ায় প্রায় পাঁচ বছরের গৃহযুদ্ধে লড়াই বন্ধের প্রথম বড় ধরনের প্রচেষ্টা সরকারি বাহিনীর আক্রমণের কারণে পুরোপুরি ভেঙেপড়ার মুখে রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধান বিরোধী গ্রুপের ঊধ্বতন এক করমকর্তা।
বিরোধী গ্রুপ ‘হাই নেগোসিয়েশনস কমিটি’ (এইচএনসি) করমকর্তা সোমবার বলেন, সিরিয়া সরকারের হামলার মুখে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার উদ্যোগে হওয়া সাময়িক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত হচ্ছে এবং পুরোপুরি ভেস্তে যাওয়ার মুখে রয়েছে।
ফ্রান্স বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিরোধী বাহিনীর ওপর হামলার খবর পাওয়া গেছে। গত শনিবার মধ্যরাত থেকে এ বিরতি শুরু হয়।
সিরিয়া শান্তি প্রক্রিয়ার সমর্থক দেশগুলোর সোমবারই পরিস্থিতি পরিষ্কারভাবে বোঝার চেষ্টায় বৈঠকে বসার কথা রয়েছে।
জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বলেছেন, বেশ কিছু হামলার ঘটনা সত্বেও সিরিয়ায় লড়াইয়ে বিরতি সাধারণভাবে বহাল আছে। হামলার ওই ঘটনাগুলো নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।
‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, যুদ্ধবিরতিতে কাজ হচ্ছে। যুদ্ধবিরতি হওয়ার আগে হতাহতের যত ঘটনা ঘটেছে তার তুলনায় বিরতির এ সময়ে হতাহতের ঘটনা কমেছে।
সিরিয়ায় ২০১১ সালে যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথম সাময়িক যুদ্ধবিরতি হয়েছে। শান্তি আলোচনা নতুন করে শুরু করা এবং অবরুদ্ধ অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছানোর জন্য এ যুদ্ধবিরতি করা হয়েছে।
জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলো আগামী ৫ দিনে ১ লাখ ৫০ হাজার মানুষের জন্য সাহায্য নিয়ে যেতে পারবে বলে আশা করছে।
