উত্তর কোরিয়ায় কঠোর নিষেধাজ্ঞার খসড়া জাতিসংঘে
উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য চীনের সহায়তায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাবনা পেশ করেছে যুক্তরাষ্ট্র।
জানুয়ারিতে উত্তর কোরিয়া চতুর্থবারের মত পারমাণবিক অস্ত্র পরীক্ষা এবং মাসখানেকের মাথায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার জবাবে এ পদক্ষেপ এল।
আন্তর্জাতিক অঙ্গনকে কোনো ধরনের পূর্বাভাস না দিয়ে এ কাণ্ড করায় উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ এবং যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। এমনকি উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত চীনও এ ঘটনার নিন্দা জানায়।
এরপরই যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা নিয়ে চীনের সঙ্গে আলোচনা শুরু করে।
বুধবার নাম প্রকাশের অনিচ্ছুক জাতিসংঘের দুই কর্মকর্তা জানান, উত্তর কোরিয়ার উপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত সামান্থা পাওয়ার বলেন, খসড়া প্রস্তাবনাটি পাশ হলে নিরাপত্তা পরিষদ ২০ বছরের বেশি সময়ের জন্য উত্তর কোরিয়ার উপর অত্যন্ত কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে।
সপ্তাহের শেষ দিকে ওই প্রস্তাবের উপর ভোট গ্রহণ হতে পারে।
খসড়া প্রস্তাবনায় যেসব বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে সেগুলো হল: জাতিসংঘের সদস্য দেশগুলো উত্তর কোরিয়া থেকে আসা বা উত্তর কোরিয়াগামী সব কার্গো তল্লাশি করবে, উত্তর কোরিয়ার কোনো জাহাজ অবৈধ পণ্য বহন করছে এমন সন্দেহ হলে বিশ্বের সব বন্দরে সেগুলোকে আটকে দেয়া হবে, আরও বিস্তৃত হারে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং উত্তর কোরিয়ায় রকেট জ্বালানিসহ বিমান পরিবহনের জ্বালানি সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
নিরাপত্তা পরিষদের কাছে খসড়া প্রস্তাবনাটি পেশ করার পর সামান্থা পাওয়ার বলেন, “যদি প্রস্তাবিত নিষেধাজ্ঞা আরোপ করা হয় তবে প্রথমবারের মত উত্তর কোরিয়াগামী এবং সেখান থেকে আসা সব ধরনের কার্গোতে অবশ্যই তল্লাশি চালানো হবে।”
“এর মাধ্যমে উত্তর কোরিয়াকে স্পষ্ট ও অনমনীয় বার্তা দেওয়া হবে। তারা বিশ্বকে পারমাণবিক হামলার হুমকি দিয়ে যাবে আর বিশ্ব তা মেনে নেবে এমনটি হবে না। আপনারা যেমন কাজ করবেন তেমন ফল ভোগ করতে হবে।”
