২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের শার্পের মালিকানা এখনই নিচ্ছে না ফক্সকন

অনেক জল্পনা-কল্পনার পর জাপানের ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী সরবরাহকারীর পুরুধা ‘শার্প’ এর মালিকানা তাইওয়ানের ফক্সকনের কাঁধে যাওয়ার ঘোষণা আসার কয়েকঘন্টার মধ্যেই এ প্রক্রিয়ায় বিলম্বের খবর এসেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 08:57 PM

Updated : 12 Apr 2022, 01:30 AM

ফক্সকন জানিয়েছে, এ মুহূর্তেই চুক্তি সই করছে না তারা। শার্পের কাছ থেকে পাওয়া নতুন কিছু তথ্য পরিষ্কার ভাবে যাচাই-বাছাই করে দেখার প্রয়োজনেই দেরী করা হচ্ছে।

শার্পের মালিকানা পরিবর্তনের এ অন্তিম মুহূর্তে এসে ফক্সকনের এ বিলম্ব গোটা প্রক্রিয়াকেই প্রশ্নের মুখে ফেলেছে বলে জানিয়েছে বিবিসি।

দীর্ঘদিন থেকে লোকসানের কবলে পড়া জাপানের শার্প কোম্পানিটি বৃহস্পতিবার ৪৩০ কোটি মার্কিন ডলারে তাইওয়ানের ফক্সকনের মালিকাধীন প্রতিষ্ঠান হুন হাইয়ের কাছে হস্তান্তরিত হওয়ার চুড়ান্ত ঘোষণা দেয়।

এদিন  রাজধানী টোকিওয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দুই কোম্পানির প্রধানরা এ তথ্য জানান। এর ফলে ব্যবসায়িক ক্ষতির মুখে জাপানের অন্যতম বৃহৎ কোম্পানির মালিকানা পরিবর্তনের পট প্রস্তুত হয়।

এর আগে চলতি মাসের গোড়ার দিকে দুই কোম্পানির শীর্ষ পর্যায়ের বৈঠক থেকে প্রাথমিকভাবে হুন হাইয়ের দেওয়া প্রস্তাবে শার্প কর্তৃপক্ষ সায় দিয়েছিল। আর গত দুইদিন বৈঠকের পর এ ঘোষণা আসে।

বিশ্বের অন্যতম ইলেকট্রনিক্স পণ্য সরবরাহকারী ‘শার্প’ প্রেসিডেন্ট কজু তাকাশি বলেন, আমরা দীর্ঘদিন থেকে এই প্রতিষ্ঠানটি রক্ষার লড়াই করে যাচ্ছিলাম। কিন্তু উপযুক্ত উদ্যোক্তার অভাবে আমরা উৎপাদন কিছুটা কমিয়ে দিয়েছিলাম।

বিশ্বে প্রথম লিকুয়েড কিস্ট্রাল ডিসপ্লে (এলসিডি) উপহার দেয়া শার্প এর এই কর্ণধারও আরও বলেন, সব্বোর্চ দরদাতা প্রতিষ্ঠান হিসেবে আমরা ফক্সকনের হাতেই শার্পকে ছেড়ে দিচ্ছি।

তবে শার্প মালিকানা পরিবর্তনে রাজি থাকলেও ফক্সকন এখনই তা নিতে রাজি হয়নি।

শার্প প্রস্তাবিত চুক্তির বিস্তারিত বিবরণ দিয়ে ৩১ পাতার দলিল প্রকাশ করলেও ফক্সকন পরে এক বিবৃতিতে বলেছে, শার্প নতুন একটি দলিল কুরিয়ারে পাঠিয়েছে। সেটি সম্পর্কে আরও স্পষ্ট করে জানা প্রয়োজন। জাপানি কোম্পানিটিকে এ ব্যাপারে জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা পরিস্থিতি সম্পর্কে ভালভাবে না বোঝা পর্যন্ত সুনির্দিষ্ট কোনও চুক্তি সই করব না।”

চুক্তি অনুযায়ী পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে এটিই হবে বড় ধরনের একটি জাপানি ইলেকট্রনিক্স কোম্পানির বিদেশি মালিকানায় যাওয়ার প্রথম ঘটনা।

হুন হাই মূলত বিশেষত অ্যাপল আইফোন সরবারহকারী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করছে। এই কোম্পানিটি অ্যাপেলের সহযোগী প্রতিষ্ঠান বলেই সর্বাধিক পরিচিত।

হুন হাই প্রধান নির্বাহী (সিইও) গু তাই মিন বলেন, আমরা কোম্পানিটি নিলেও এর লোগো এমনকি ৫০ হাজার কর্মচারীদের কোন পরিবর্তন করা হবে না। শার্প সুনামে ফক্সকন ব্যবসার প্রসার ঘটাবে।

১৯১২ সালে জাপানের ওসাকার নারা শহরে গড়ে তোলা শার্প গত একশ বছরের বেশি সময় ধরে সারা বিশ্বে ইলেকট্রনিক্স সামগ্রী সরবরাহ করে আসছে। মাত্র শার্প পেন্সিল থেকে শুরু করা এই প্রতিষ্ঠানের ব্যবসা পরবর্তীতে এলইডি, মাইক্রোওভেন, রঙিন টেলিভিশনসহ ইলেকট্রনিক্স পণ্যে বিশ্ববাপী বেশ সুনাম কুড়িয়েছে।