ইরাকে আইএস এর কাছ থেকে সুইডিশ মেয়ে উদ্ধার
ইরাকের উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের কাছ থেকে ১৬ বছর বয়সী এক সুইডিশ মেয়েকে উদ্ধার করেছে কুর্দি বাহিনী।
কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, মেয়েটির নাম মারলিন স্টিভানি নিভারলেইন। বুধবার আইএস নিয়ন্ত্রিত মসুল শহরের কাছ থেকে বিশেষ কুর্দি বাহিনী মেয়েটিকে উদ্ধার করেছে।
মেয়েটি কতদিন আইএস এর হাতে আটক ছিল তা বিবৃতিতে জানানো হয়নি বলে জানিয়েছে সিএনএন।
মেয়েটি সুইডেনের স্টকহোম থেকে ৪০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমের এলাকা বোরাসের বাসিন্দা।
কুর্দি কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে জানিয়েছে, মেয়েটিকে ইসলামিক স্টেট জঙ্গিরা ভুল বুঝিয়ে সুইডেন থেকে সিরিয়া এবং তারপর ইরাকের মসুলে নিয়ে যায়। পরে মেয়েটির পরিবার এবং সুইডিশ কর্র্তপক্ষ তাকে উদ্ধারের জন্য কুর্দিদের সাহায্য চায়।
মেয়েটি এখন কুর্দিস্তান অঞ্চলে আছে এবং আন্তর্জাতিক আইনের আওতায় তার দেখভাল করা হচ্ছে। প্রয়োজনীয় সব ব্যবস্থা হয়ে গেছে তাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য সুইডিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
