২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন অ্যাসেঞ্জের

উইকিলিক্স ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আইনজীবীরা ধর্ষণ মামলায় তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের জন্য সুইডিশ আদালতে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 11:34 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

ওই মামলার সুইডেনে সমর্পণ এড়াতে ২০১২ সালের জুনে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। যুক্তরাজ্যের আদালতেও সুইডেনে হস্তান্তরের বিরুদ্ধে আবেদন করে ব্যর্থ হয়েছেন অ্যাসাঞ্জ।

কিন্তু তার আইনজীবী থমাস ওলসন সোমবার এক বিবৃতিতে বলেছেন, “আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে। এর অর্থ আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার যথেষ্ট কারণ আছে।”

জাতিসংঘের একটি ওয়ার্কিং গ্রুপ এ মাসের শুরুর দিকে ইকুয়েডর দূতাবাসে অ্যাসাঞ্জের অবস্থানকে ‘বেআইনিভাবে আটক’ রাখা বলে মত দেওয়ার পর তার আইনজীবীরা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল আবেদনের এ পদক্ষেপ নিলেন।

দূতাবাস থেকে বেরোলেই গ্রেপ্তার হওয়ার ভয় থাকায় অ্যাসাঞ্জ ২০১৪ সালে দূতাবাসে তাকে ‘ইচ্ছাকৃতভাবে আটক রাখার’ অভিযোগ জানিয়েছিলেন জাতিসংঘকে। জাতিসংঘ প্যানেল শেষ পর্যন্ত অ্যাসাঞ্জের পক্ষে মত দেয়।

সুইডেনে অ্যাসেঞ্জের বিরুদ্ধে ধর্ষণ মামলাটি হয় ২০১০ সালে। অ্যাসাঞ্জ এ অভিযোগ অস্বীকার করে আসলেও  বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সুইডিশ কর্তৃপক্ষ।অ্যাসাঞ্জের আশঙ্কা, সুইডেনে গেলে দেশটির সরকার তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে।

যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দিয়েছিল অ্যাসেঞ্জের উইকিলিকস ওয়েবসাইট। এতে যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হন অ্যাসাঞ্জ। গোপন তথ্য ফাঁসের অভিযোগে অ্যাসেঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ফৌজদারি মামলা হয়েছে।

ইকুয়েডর দূতাবাস অ্যাসেঞ্জকে আশ্রয় দিলেও গ্রেপ্তারের ভয়ে সেখান থেকে বের হতে পারছেন না তিনি। অ্যাসেঞ্জের দাবি, তার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কারণ তিনি দক্ষিণ আমেরিকার দেশেগুলোতে যেতে পারছেন না।

যদিও যুক্তরাজ্য এবং সুইডেন উভয়ই অ্যাসেঞ্জের মানবাধিকার হরণের অভিযোগ অস্বীকার করেছে।

ওদিকে, ধর্ষণ মামলার সুইডেনে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাসেঞ্জকে জিজ্ঞাসাবাদের আবেদন পুনরায় করবেন বলে জানিয়েছেন। আইনজীবী ম্যারিয়ান সি বলেন, জাতিসংঘ প্যানেলের অবশ্যপালনীয় নয় এমন আদেশ এ মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়।