২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশিগানে সাতজনকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের মিশিগানে পরপর তিনটি ঘটনায় এক বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুজন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 12:32 PM

Updated : 11 Oct 2022, 07:48 PM

শনিবার রাতে কালামাজো শহরে নীল রঙের একটি শেভ্রলে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে ৪৫ বছর বয়সী ওই শ্বেতাঙ্গ বন্দুকধারী এসব হত্যাকাণ্ড ঘটায় বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবর।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পুলিশ গ্রেপ্তার করতে গেলে ওই ব্যক্তি বাধা দেননি। গাড়িতে তার অস্ত্রও পাওয়া গেছে।   

তাকে গ্রেপ্তারের পর কালামাজো কাউন্টি পুলিশ এক বিবৃতিতে নাগরিকদের বলেছে, ‘বিপদ কেটে গেছে’।

অবশ্য কাউন্টির আন্ডার শেরিফ পল ম্যটিয়াস এসব ঘটনাকে ‘বিচ্ছিন্ন হত্যাকাণ্ড’ বলেছেন।  

যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজের খবরে বলা হয়, শনিবার সন্ধ্যায় কালামাজো কাউন্টির একটি অ্যাপার্টমেন্ট ভবনে প্রথম ঘটনাটি ঘটে । সেখানে এক নারীকে কয়েকটি গুলি করা হয়। গুরুতর আহত ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর ঘণ্টা তিনেক পর একটি গাড়ির দোকানে তিন ব্যক্তির ওপর গুলি চালানো হয়, যাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হন।

আর তৃতীয় ঘটনাটি ঘটে ক্র্যাকার ব্যারেল নামের একটি রেস্তোরাঁর পার্কিং লটে। সেখানে চারজনকে গুলি করে হত্যা করা হয়। আহত একজন পরে হাসপাতালে মারা যান।