বিতর্কিত দ্বীপে চীনা ক্ষেপণাস্ত্রের খবরে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধির খবরে ওয়াশিংটন গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
সম্প্রতি দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন।
১৪ ফেব্রুয়ারি উপগ্রহ থেকে তোলা ছবি প্রকাশ করেছে মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজ। এতে দেখা গেছে, চীন পারাসেল দ্বীপপুঞ্জের উডি দ্বীপে আটটি ক্ষেপণাস্ত্র লাঞ্চার এবং রাডার সিস্টেমের দুইটি ব্যাটারি মোতায়েন করেছে।
এ খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তাদের উদ্বেগের কথা জানাল বলে জানিয়েছে বিবিসি। যদিও চীনের দাবি, গণমাধ্যমগুলো নিজেদের ‘প্রচারণার’ জন্য এ খবর প্রকাশ করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দক্ষিণ চীন সাগরে নিজেদের এলাকার সুরক্ষার জন্য কয়েক বছর ধরেই চীন বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। আন্তুর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করা তাদের অধিকার।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ রুট গুলোর একটি দক্ষিণ চীন সাগর। সেখানে প্রচুর প্রাকৃতিক সম্পদও রয়েছে। ফলে এই সাগরের মালিকানা নিয়ে চীন ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
জন কেরির একজন মুখপাত্র বলেন, চীন পারাসেল দ্বীপপুঞ্জের উডি অথবা ইয়ংজিং দ্বীপে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বসিয়েছে সেটি উপগ্রহের ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছে।
চীন ছাড়াও তাইওয়ান এবং ভিয়েতনাম উডি দ্বীপের মালিকানা দাবি করে। ফলে চীনের ক্ষেপণাস্ত্র মোতায়েন নিশ্চিত ভাবেই আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করবে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে ‘খুব জরুরি ভিত্তিতে আলোচনা’ করবে বলেও জানান কেরি।
“সেখান থেকে পাওয়া সবগুলো প্রমাণ বলছে যে, প্রতিদিন সেখানে সামরিকীকরণ বাড়ছে। এটি খুবই উদ্বেগের বিষয়।”
চীন দক্ষিণ চীন সাগরে ব্যাপকভাবে ভূমি দখলের কাজ শুরু করছে। দেশটির দাবি, তাদের এ কাজ বৈধ এবং বেসামরিক উদ্দেশ্যেই তারা এটি করছে।
কিন্তু মালিকানা দাবি করা অন্যান্য দেশগুলো চীনের এ কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
ক্যালিফোর্নিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের দেশগুলোর বৈঠকেও দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ বিষয়ে আলোচনা হয়েছে।
আঞ্চলিক উত্তেজনা কমাতে বৈঠকে সদস্য দেশগুলো ‘বাস্তব পদক্ষেপ’ গ্রহণের বিষয়ে আলোচনা করেছে বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
