সিরিয়া: তুরস্কের প্রতি হামলা বন্ধের আহ্বান ফ্রান্সের
উত্তর সিরিয়ার কুর্দি যোদ্ধাদের ওপর হামলা চালানো বন্ধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স।
বিবিসি জানায়, সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতির আরো অবনতি হওয়ায় এক বিবৃতিতে ‘উদ্বেগ’ প্রকাশ করেছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়।
তুরস্ক শনিবার থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি বেসামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করেছে। সিরীয় কুর্দিদের এই বাহিনীটিকে তুরস্কে নিষিদ্ধ তুর্কি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে সম্পর্কিত বলে দাবি করেছে তুরস্ক।
সিরিয়া ভিত্তিক ওয়াইপিজি-র যোদ্ধাদের উত্তর সিরিয়ার দখলকৃত এলাকা থেকে সরে যেতে বলেছে তুরস্ক; কিন্তু তুরস্কের দাবি প্রত্যাখ্যান করে ওয়াইপিজি বলেছে, তারা চলে গেলে এলাকাটি উগ্রপন্থিদের দখলে চলে যাবে।
আঞ্চলিক ও পরা শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার কারণে সিরিয়ার গৃহযুদ্ধ ইতোমধ্যেই যথেষ্ট জটিল হয়ে উঠেছে, এর মধ্যে তুরস্কের হামলা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।
রোববার তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু জোর দিয়ে বলেছেন, “তুর্কি (কুর্দি বেসামরিক বাহিনীকে) আক্রমণাত্মক ভূমিকা পালন করার অনুমতি দিবে না।
“আমাদের নিরাপত্তা বাহিনীগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং তা অব্যাহত রাখবে।”
নিজ ভূখণ্ডে তুর্কি হামলার নিন্দা জানিয়ে একে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে দাবি করেছে সিরিয়া এবং বিষয়টিতে হস্তক্ষেপ করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।
তু্রস্কের পাশাপাশি সিরিয়া সরকার ও তার মিত্রদের প্রতিও ‘সিরিয়াজুড়ে বোমা হামলা’ বন্ধ করার আহ্বান জানিয়েছে ফ্রান্স।
ফ্রান্স বলেছে, সিরিয়ার সহিংসতা বন্ধ করার জন্য চলতি সপ্তাহে মিউনিখে যে সমঝোতা হয়েছে তা বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া উচিত এবং তথাকথিক ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই জোরদার করা উচিত।
প্রায় পাঁচ বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে দুই লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং এক কোটি ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
