২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার দুটি শিয়া টাউনে বিদ্রোহীদের অবরোধের অবসান   

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে শিয়া অধ্যুষিত দুটি টাউনে বিদ্রোহীদের তিন বছর ধরে চলা অবরোধের অবসান ঘটিয়েছে সিরীয় সেনাবাহিনী ও তাদের মিত্র বাহিনীগুলো।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Feb 2016, 01:43 PM

Updated : 12 Apr 2022, 01:21 AM

এতে নিকটবর্তী তুরস্ক থেকে বিদ্রোহীদের প্রধান সরবরাহ পথটি বন্ধ হয়ে গেছে, বুধবার এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি ও বিদ্রোহী পক্ষগুলো।

নুবুল ও জাহরা নামের এই দুটি শহরে প্রায় ৬০ হাজার বাসিন্দা আছেন। এই দুটি শহরের সঙ্গে নিকটবর্তী সীমান্তের মধ্যবর্তী এলাকাগুলো কুর্দি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে।

উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে সরকারি বাহিনী সাম্প্রতিক হামলার পর বেশ কয়েকটি টাউন সরকারি বাহিনীর দখলে আসে, এরপর সেখান থেকে নুবুল ও জাহরার দিকে নতুন অভিযান শুরু করে।

লেবাননের হিজবুল্লাহ পরিচালিত আল মানার টেলিভিশন ও সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর জানানো হয়। 

লেভান্ত ফ্রন্টের এক বিদ্রোহী যোদ্ধা জানান, তিনদিন ধরে রুশ বিমানগুলোর ব্যাপক হামলা পর অবরোধ ভেঙে পড়ে। এ সময় রুশ বিমানগুলো পাঁচশরও বেশিবার বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।

যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আব্দুল রহমান বলেন, “সাড়ে তিন বছরেও যা করতে পারেনি তা তিন দিনেই করে ফেলেছে।”

সিরীয় সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “সিরীয় সেনাবাহিনী ও এর মিত্র বাহিনীগুলো নুবুল ও জাহরার অবরোধ পুরোপুরি ভেঙে ফেলেছে।” 

আল মানার জানিয়েছে, অবরুদ্ধ শহরগুলোর সরকারপন্থি বেসামরিক যোদ্ধারা অগ্রগামি সিরীয় সেনাবাহিনীর সেনাদের সঙ্গে সংযোগ গড়ে তুলতে সক্ষম হয়েছে।

এই অবরোধ ভাঙার মাধ্যমে সিরীয় সেনাবাহিনী কুর্দি নিয়ন্ত্রিত আফ্রিনের দিকে সরাসরি চলে যাওয়া একটি প্রধান সড়কের নিয়ন্ত্রণ পেয়েছে, পাশাপাশি তুর্কি সীমান্তের কাছে তুরস্ক-সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোর কাছে পৌঁছে গেছে। 

প্রতিরক্ষা বিশ্লেষকরা জানিয়েছেন, ওই দুটি ব্যাপকভাবে সামরিকায়িত শহর দুটি এখন সিরীয় সেনাবাহিনীর অভিযান পরিচালনার কেন্দ্রে পরিণত হতে পারে, আর এর মাধ্যমে সেনাবাহিনী ও এর মিত্র বাহিনীগুলো উত্তর আলেপ্পো প্রদেশে আরো ব্যাপক এলাকার উপর আধিপত্য বিস্তার করতে পারবে। এছাড়া বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো শহরের একটি অংশের ওপর বজায় থাকা অবরোধ আরো দৃঢ় করে তুলতে পারবে।