২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি আলোচনায় অংশ নিতে জেনেভায় সিরিয়ার বিরোধীপক্ষগুলো

জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত শান্তি আলোচনায় যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছে  সিরিয়ার প্রধান সরকার বিরোধী গোষ্ঠীটির প্রতিনিধিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2016, 01:56 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

বিবিসি জানায়, শান্তি আলোচনা বয়কটের হুমকি থেকে সরে আসার একদিন পর শনিবার তারা আলোচনায় যোগ দিতে জেনেভায় উপস্থিত হন।

তবে গোষ্ঠীটির এক মুখপাত্র জানিয়েছেন, সিরীয় সরকারের সঙ্গে আলোচনায় শুরুর আগে বিমান হামলা বন্ধ ও অবরোধ তুলে নেওয়ার দাবিতে অনড় থাকবেন তারা। 

রোববার প্রধান বিরোধী গোষ্ঠীটির এই প্রতিনিধিদের জাতিসংঘের সিরিয়া সঙ্কট বিষয়ক বিশেষ দূত স্তাফা দ্য মিসতুরার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

অপরদিকে শান্তি আলোচনায় অংশ নিতে শুক্রবার সকালেই সিরিয়ার সরকারি প্রতিনিধিরা জেনেভায় এসে যান। জেনেভা পৌঁছে মিসতুরার সঙ্গে প্রাথমিক আলোচনাও সেরে নেন তারা।

এর কয়েক ঘন্টা পর ওই দিন রাতে সৌদি-সমর্থিত সিরিয়ার সরকার বিরোধী গোষ্ঠীর উচ্চ আলোচক কমিটি (এইচএনসি) জেনেভার শান্তি আলোচনায় অংশ নিতে সম্মতি প্রকাশ করে। এর আগে গোষ্ঠীটি হুমকি দিয়েছিল, সিরিয়ার সরকারি বাহিনী বিমান হামলা বন্ধ না করলে ও অবরোধ তুলে না নিলে আলোচনা বয়কট করবে তারা। 

সিরীয় সরকার ও দেশটির প্রধান বিরোধী পক্ষের উচ্চ আলোচক কমিটিকে (এইচএনসি) শান্তি আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানায় জাতিসংঘ। দেশটির অন্যান্য বিরোধী পক্ষের নেতাদের পরামর্শক হিসেবে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। 

সিরিয়ার সরকারি বিরোধী বিদ্রোহী কুর্দি গোষ্ঠী ওয়াইপিডি (এই গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে তুরস্ক), তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) এবং আল-নুসরা ফ্রন্ট এই শান্তি আলোচনায় উপস্থিত থাকছে না।

সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে আয়োজিত এ শান্তি উদ্যোগে সম্ভাব্য অস্ত্রবিরতি, বন্দি মুক্তি, যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহ এবং আইএসের হুমকি নিয়ে আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে। 

পাঁচ বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষ নিহত ও এক কোটি দশ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। ইউরোপের শরণার্থী সঙ্কটের পেছনে পালিয়ে যাওয়া এসব মানুষের ইউরোপমুখি স্রোতই প্রধানত দায়ি বলে ধারণা করা হয়।