‘দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া’
উত্তর কোরিয়া সম্ভবত শিগগিরই দীর্ঘ-পাল্লার একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে জাপানি বার্তা সংস্থা কিয়োডা।
এক সপ্তাহের মধ্যেই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হতে পারে বলে জাপান সরকারের অজ্ঞাতনামা এক কর্মকর্তার বরাতে বৃহস্পতিবার জানিয়েছে বার্তা সংস্থাটি।
স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে অবস্থিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র টংচ্যাং-রি এর ছবি বিশ্লেষণ করে সম্ভাব্য প্রস্তুতির ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এ খবর সত্য হলে ৬ জানুয়ারি চতুর্থ পরমাণু পরীক্ষা চালানোর পর তার রেশ কাটতে না কাটতেই আরেকটি সামরিক পরীক্ষার দ্বারপ্রান্তে উত্তর কোরিয়া।
পরমাণু পরীক্ষার জেরে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা আলোচনা করছেন। এরই মধ্যে দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবরটি এল।
২০১২ সালের শেষ দিকে শেষবার দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়ে পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। ওই সময় কক্ষপথে সফলভাবে একটি বস্তু স্থাপন করেছিল, যাকে যোগাযোগ উপগ্রহ বলে দাবি করেছে দেশটি।
ওই পরীক্ষাকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নির্মাণ উদ্যোগের একটি অংশ বলে মনে করেন বিশেষজ্ঞরা।
টংচ্যাং-রিতে উৎক্ষেপণ-পূর্ব তৎপরতা দেখা গেছে কিনা এ নিয়ে কোনো মন্তব্য করেননি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন-সেওক। গোয়েন্দা তথ্যের বিষয়ে কোনো আলোচনা না করার নীতি উল্লেখ করে এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন তিনি।
