২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জরাজীর্ণ’ ব্রিটিশ পার্লামেন্ট সংস্কারে লাগবে ‘৩২ বছর’

প্রায় ২০০ বছরের পুরনো ব্রিটিশ পার্লামেন্ট ভবন প্যালেস অব ওয়েস্টমিনস্টারের সংস্কার জরুরি হয়ে পড়েছে বলে একটি প্রতিবেদনে উঠে এসেছে।

সৈয়দ নাহাস পাশা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 01:27 AM

Updated : 11 Oct 2022, 07:41 PM

গণতন্ত্রের সূতিকাগার নামে পরিচিত এই পার্লামেন্ট ভবনের সংস্কার কিভাবে হবে তা নিয়ে এখন আলোচনা করছেন পার্লামেন্ট সদস্যরা।

ডেলয়েট রিয়েল এস্টেটের করা ওই বিশেষজ্ঞ প্রতিবেদনে সংস্কার কাজ পরিচালনার জন্য সময় ও সম্ভাব্য ব্যয়ের হিসাব দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এমপিরা পার্লামেন্ট ভবন পুরোটা খালি করে কার্যক্রম অন্যত্র সরিয়ে নিলে সংস্কারে সময় লাগবে ছয় বছর। তা না হলে এই কাজের জন্য লাগবে ৩২ বছর।

পার্লামেন্ট প্রাসাদ সংস্কারে তিন বিলিয়ন থেকে ৭ দশমিক ১ বিলিয়ন পাউন্ড ব্যয় হতে পারে বলে এতে বলা হয়েছে।

তাদের প্রস্তাবের প্রেক্ষাপটে পার্লামেন্টারি কার্যক্রম লন্ডনের বাইরে নেওয়া, নিকটবর্তী স্বাস্থ্য বিভাগের ভবনে বিশেষ চেম্বার করে কাজ চালানো বা ভবনের আংশিক বন্ধ রেখে কার্যক্রম চালিয়ে নেওয়া এবং সংস্কারের ব্যয়- এসব বিষয় পর্যালোচনা করে প্রতিবেদন দিতে সব দলের এমপিদের নিয়ে ১২ সদস্যের একটি কমিটি করা হয়েছে। আগামী মার্চের মধ্যেই তাদের প্রতিবেদন দেওয়ার কথা।

এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির বোমায় ওয়েস্টমিনস্টার প্যালেস ক্ষতিগ্রস্ত হলে ১৯৪১ থেকে ১৯৫০ সাল পর্যন্ত পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসে উভয়কক্ষের সদস্যদের কার্যক্রম পরিচালিত হয়।

এবারও প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন প্রাসাদের একটি অংশ বন্ধ রেখে হাউজ অব কমন্সের সদস্যদের কার্যক্রম হাউজ অব লর্ডসে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এক্ষেত্রে বিপুল খরচ এবং দীর্ঘ সময় লেগে যাবে বলে ডেলয়েটের প্রতিবেদনে বলা হয়েছে।

তবে যে সিদ্ধান্তই আসুক না কেন ২০২০ সালে পরবর্তী পার্লামেন্ট নির্বাচনের আগে সংস্কার কাজ শুরু না হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

প্যালেস অব ওয়েস্টমিনস্টারের দুটি অংশ: হাউজ অব কমন্স ও হাউজ অব লর্ডস বিশ্বের অন্যতম আইকনিক বিল্ডিং হাউজেজ অব পার্লামেন্ট নামে পরিচিত।

টেমস নদীর তীরে অবস্থিত বৃহত্তর পার্লামেন্টারি এস্টেটের অংশ ওয়েস্টমিনস্টার প্যালেস ১৮৩৪ সালে আগুনে ভস্মিভূত হয়ে যায়। তখন নতুন প্যালেস নির্মাণের পরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংস্কার কাজ করা হয়নি।

পুড়ে যাওয়া প্যালেসের একটি অংশ ওয়েস্টমিনস্টার হল এখনও ইতিহাসের সাক্ষী হয়ে আছে। ১০৯৯ সালে নির্মিত ওয়েস্টমিনস্টার হল এখন প্যালেস অব ওয়েস্টমিনস্টারের একটি অংশ হিসেবে ব্যবহৃত হয়, বিভিন্ন পার্লামেন্টারি কার্যক্রম হয় সেখানে। এটারও সংস্কার জরুরি হয়ে পড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।