পতাকার পরিবর্তন চান ৬৪ ভাগ অস্ট্রেলীয়
অস্ট্রেলিয়ার জনগণের ৬৪ ভাগই জাতীয় পতাকার পরিবর্তন চান। নয়া এক জরিপে এই পরিসংখ্যান উঠে এসেছে।
বিবিসি বলছে, জরিপে অংশগ্রহণকারীদের বর্তমান জাতীয় পতাকা পরিবর্তনের জন্য ছয়টি নকশা দেখানো হয়। এগুলোর মধ্যে ব্রেট মক্সির করা ‘সাউদার্ন হরাইজন’ নামের নকশাটিকে অধিকাংশ মানুষ পছন্দ করেছেন।
ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির বেনজামিন জোনস বলেন, নিউজিল্যান্ডের পতাকা পরিবর্তনে গণভোট এই জরিপের প্রেরণা জুগিয়েছে।
তিনি বলেন, ‘সাউদার্ন হরাইজন’ নামের নকশা এবং নিউজিল্যান্ডে জয়ী হওয়া পতাকার নকশা, উভয়টিতেই বর্তমান পতাকার কিছু উপাদান রাখা হয়েছে তবে ব্রিটেনের জাতীয় পতাকাকে (ইউনিয়ন জ্যাক) বাদ দেয়া হয়েছে।
অস্ট্রেলিয়া প্রজাতন্ত্রে রূপ নেবে কিনা এই বিষয়টি নিয়ে যখন নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে ঠিক তখনই জরিপটি করা হল।
জোনস বলেন, “অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন রাজনীতিক অস্ট্রেলিয়ায় প্রজাতন্ত্র ব্যবস্থার পক্ষে সমর্থন দিয়েছেন।”
“কিন্তু নিশ্চিতভাবেই পতাকা পরিবর্তনে কোনো রাজনীতিকই নিজেদের ভাবমূর্তিকে ব্যবহার করেননি,” বলেন জোনস।
একটি ছাড়া অস্ট্রেলিয়ার সব রাজ্য ও অঞ্চলের নেতারাই রাষ্ট্রপ্রধান হিসেবে ব্রিটেনের রাণীকে বাদ দেওয়ার পক্ষে তাদের অবস্থান জানিয়েছেন।
সমালোচকেরা বলছেন, প্রজাতন্ত্রের পক্ষে অবস্থানকারীরা এখনো পর্যন্ত বর্তমান সাংবিধানিক রাজতন্ত্রের পরিবর্তে টেকসই বিকল্প কোনো ব্যবস্থা প্রস্তাব করেনি।
