২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাওসে ‘বোমা বিস্ফোরণে’ দুই চীনা নাগরিক নিহত

লাওসে সন্দেহজনক বোমা বিস্ফোরণে দুই চীনা নাগরিক নিহত হয়েছেন। এই বিস্ফোরণে অপর একজন আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Jan 2016, 12:25 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার জানিয়েছে, বিদেশের মাটিতে চীনা নাগরিক নিহত হওয়ার এটিই সর্বসাম্প্রতিক ঘটনা।

লাওসে চীনা দূতাবাস বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছে। রোববার সকালে এই ঘটনা ঘটে।

কর্মকর্তারা সিনহুয়াকে জানিয়েছেন, লাওসের জেসোমবোন প্রদেশের পাহাড়ি রাস্তায় গাড়িতে যাওয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

সিনহুয়া আরো জানিয়েছে, “লাওসের সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত জোওকে উদ্ধার করে রাজধানী ভিয়েনতিয়েনের এক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে।”

চীনা কর্মকর্তারা আহতকে দেখতে গিয়েছিলেন এবং এই ‘সন্দেহজনক বোমা হামলার’ ঘটনার দ্রুত তদন্ত দাবি করেছেন বলেও চীনা সংবাদমাধ্যমটি জানিয়েছে।

হামলার শিকার হওয়াদের অন্ততপক্ষে একজন চীনা নাগরিক চীনের দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশের খনি কোম্পানির চাকুরে।

তবে বিশেষ কোনো ব্যক্তিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে কিনা কিংবা হতাহতদের ব্যাপারে সিনহুয়া বিস্তারিত কিছু জানায়নি।

চীনের কোম্পানিগুলো বিদেশে তাদের কর্মকাণ্ড বিস্তৃত করার প্রেক্ষাপটে চীনা কর্মীদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বাড়ছে। বিশেষ করে রাজনৈতিকভাবে অস্থিতিশীল অঞ্চলেই এই ঘটনা বেশি ঘটছে।