বোয়িং বিমান কিনবে ইরান
জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার পরিকল্পনা করছে ইরান।
ইরানের উপ-পরিবহনমন্ত্রী আসগর ফাখরিহ কাশান রয়টার্সকে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির তৈরি ১০০ টি বিমান কিনতে আগ্রহী।
গত বছর জুলাইয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তিতে উপনীত হওয়ার পর ১৬ জানুয়ারি ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
এর পরপরই বোয়িং এর পক্ষ থেকে ইরানের সঙ্গে আলোচনা শুরু হয়। কোম্পানিটি ইরানের কাছে ১১৪টি বিমান বিক্রির বিষয়ে আলোচনা চালাচ্ছে।
যদিও যুক্তরাষ্ট্র এখনও ইরানের উপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেয়নি। তবে বিশেষ সুবিধা পাচ্ছে বোয়িং।
গত সপ্তাহে বোয়িংয়ের পক্ষ থেকে বলা হয়, ইরানের কাছে বিমান বিক্রির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে তাদের এখনও ‘অনেক বিষয় বিবেচনা’ করা বাকী।
এয়ারফ্লিটস ডট নেট জানায়, ইরানের বাণিজ্যিক বিমানগুলোর গড় বয়স অন্তত ২৭ বছর। সেগুলোর মান আন্তর্জাতিক আকাশ নিরাপত্তামান নিম্ন হওয়ায় ইউরোপের নজদারি সংস্থাগুলো ইরানের সব বিমান নিষিদ্ধ করেছে।
