ইয়েমেনের সরকারের প্রতি সমর্থনের ইঙ্গিত চীনের
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সৌদি আরব সফর শুরু হওয়ার পরপরই ইয়েমেনের সৌদিসমর্থিত সরকারের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছে চীন।
মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফরের প্রথম দিন প্রেসিডেন্ট শি সৌদি আরবের বাদশা সালামন বিন আব্দুল আজিজের সঙ্গে সাক্ষাৎ করেন।
এরপর বুধবার এক যৌথ বিবৃতিতে ইয়েমেনের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করে দেশ দুটি। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিটি প্রকাশ করেছে।
এতে বলা হয়, ইয়েমেনের সকল সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক গোষ্ঠীগুলোর উচিত তাদের জাতীয় সংহতি বজায় রাখা এবং সামাজিক অনৈক্য ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী সিদ্ধান্ত এড়িয়ে চলা।
বিবৃতিতে বলা হয়, “উভয়পক্ষ ইয়েমেনের বৈধ সরকারের প্রতি তাদের জোরালো সমর্থনের কথা জানিয়েছে।”
চীনা প্রেসিডেন্টের চলতি মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরবের পর ইরানে যাওয়ার কথা রয়েছে। এরপর চীনা প্রেসিডেন্টের মিশরে যাত্রা বিরতি করার কথা রয়েছে।
গেল বছরের প্রথমদিকে ইরানসমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী দখল করে সৌদি আরবসমর্থিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদিকে গৃহবন্দি করে। পরে রাজধানী থেকে পালিয়ে দক্ষিণের বন্দর শহর এডেনে আশ্রয় নেন হাদি।
কিন্তু ইয়েমেনের অধিকাংশ স্থান দখল করে হুতিরা এডেন দখলের উদ্যোগ নিলে সৌদি আরবে চলে যান হাদি। প্রতিবেশী দেশ ইরানের প্রভাবে চলে যাচ্ছে এমন আশঙ্কায় শঙ্কিত সৌদি আরব উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে জোট বেঁধে হুতিদের ও তাদের মিত্র ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি্ আব্দুল্লাহ সালেহর অনুগত সেনাদের ওপর বিমান হামলা শুরু করে।
ইয়েমেনের বৈধ প্রেসিডেন্ট হাদিকে ক্ষমতা ফিরিয়ে দিতেই হামলা শুরু করা হয়েছে বলে দাবি সৌদি নেতৃত্বাধীন জোটের।
গেল মার্চে সৌদি জোটের বিমান হামলা শুরু হওয়ার পর থেকে ইয়েমেনজুড়ে গৃহযুদ্ধ তীব্র হয়ে ওঠে।
অপরদিকে তেলের জন্য চীন মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল হলেও এলাকাটির রাজনৈতিক পরিস্থিতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক বিষয়গুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অপর চার স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়ার জন্য ছেড়ে দিয়েছে চীনারা।
