‘অভাবনীয়’ সহিংসতায় দুর্ভোগে ইরাকিরা: জাতিসংঘ
ইরাকিরা ‘এখনও অভাবনীয়’ সহিংস পরিস্থিতিতে দুর্ভোগ পোহাচ্ছে বলে নতুন এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ।
দেশটিতে বিভিন্ন সহিংসতায় যে বিপুল সংখ্যক বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
জাতিসংঘের এ প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত ইরাকে অন্তত ১৮ হাজার ৮০০ বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে। গৃহহীন হয়েছে ৩২ লাখ মানুষ।
বিবিসি জানায়, ইরাকে ব্যাপকমাত্রায় একের পর এক এ সহিংসতার জন্য প্রতিবেদনে মূলত ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করা হয়েছে।
এছাড়া, ওই সময়ে আইএস প্রায় সাড়ে তিন হাজার নারী ও শিশুকে (বিশেষ করে ইয়েজিদি জনগোষ্ঠীর)দাসী হিসেবে ব্যবহার করে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইরাকের উত্তরের শহর মসুলে প্রায় এক হাজার শিশুকে ধরে নিয়ে গিয়ে সামরিক প্রশিক্ষণ নিতে বাধ্য করে আইএস।
প্রতিবেদনে সরকারি সেনা, মিলিশিয়া যোদ্ধা ও কুর্দি বাহিনীর বিরুদ্ধেও একই নির্যাতনের অভিযোগে তোলা হয় এবং পরিসংখ্যান দেওয়া হয়।
মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাইকমিশনার জেইদ রাদ আল হুসাইন বলেন, “কি কারণে ইরাকের শরণার্থীরা ইউরোপ ও অন্যান্য অঞ্চলে পালিয়ে যেতে উদ্যত হয়েছে তা এ প্রতিবেদনে স্পষ্ট প্রতীয়মান হয়েছে। নিজের জন্মভূমিতে তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে।”
জাতিসংঘের ‘অ্যাসিসটেন্স মিশন ফর ইরাক এবং ‘অফিস অব দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস’ গৃহহীন ইরাকিদের সাক্ষাৎকারের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে।
সরাসরি সহিংসতার শিকার হওয়া এবং বেঁচে যাওয়া ইরাকি ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেও বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, “আইএস এখনও অবিরাম ব্যাপক আকারে নৃশংসতা চালিয়ে যাচ্ছে। তারা ক্রামাগত আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানবিক আইন লঙ্ঘন করছে।”
“এ ধরনের নৃশংস কর্মকাণ্ড কোনো কোনো ক্ষেত্রে যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এমনকি গণহত্যারও সামিল।”
