জাপানে তুষারপাতে আহত ২৫০, ট্রেন-ফ্লাইট বাতিল
জাপানে প্রচণ্ড তুষারপাতে ২৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বন্ধ রয়েছে ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে প্রায় ২শ’টি ফ্লাইট।
রোববার রাত থেকে শুরু হওয়া এ তুষারপাতে রাজধানী টোকিওসহ উত্তর ও পূর্বাঞ্চলের জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। ২৪ ঘণ্টা এ তুষারপাত ঘটেছে বলে স্থানীয় আবহাওয়া অধিদপ্তরগুলো জানিয়েছে।
মঙ্গলবারও বিভিন্ন জায়গায় তুষারপাত হবে বলে আবহাওয়া দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন।
আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, সোমবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত উত্তরাঞ্চলের প্রদেশ হোক্কাইডোতে গড়ে ১শ’ সেন্টিমিটার বরফ জমা হয়েছে।
এছাড়াও, হোকিরিকু এলাকায় ৭০ সেমি, তহুকু- তে ৫০ সেমি, চুগাকো অঞ্চলে ৪০ সেমি বরফ রেকর্ড করা হয়েছে। তবে রাজধানী টোকিওতে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ৬ সেমি বরফ জমা হয়েছিল।
সুমুদ্রের নিম্নচাপের কারণে সৃষ্ট এই তুষারপাত আরও ২৪ ঘন্টা স্থায়ী হবে।
তুষারপাতের কারণে জাপানের দ্রুতগামী ট্রেন সিনকানসেন বন্ধ ছিল। ফলে প্রায় চল্লিশ হাজার যাত্রী তাৎক্ষণিকভাবে দূভোর্গে পড়ে।
পূর্ব জাপান কর্তৃপক্ষ নাগানো ও ইমানাশি প্রদেশের সব ট্রেন চলাচল স্থগিত করেছে। ফলে সপ্তাহের শুরুতেই ওই অঞ্চলের অফিস ও স্কুল-কলেজ বন্ধ হয়ে গেছে।
জাপানের স্বাস্থ্যমন্ত্রী লোকজনকে সতর্কভাবে চলাফেরা করার নির্দেশ দিয়েছেন। তুষারাবৃত রাস্তায় গাড়ি বের করতে গিয়ে এরই মধ্যে বেশকিছু মানুষ আহত হয়েছে।
জাতীয় পুলিশ সংস্থা জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় তুষারপাতের ঘটনায় সন্ধ্যা পর্যন্ত ২৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪০ জনকে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তায় বরফ সরানোর কাজে নেমেছে।
