২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দিদের মুক্তি দিল ইরান-যুক্তরাষ্ট্র

ইরান ও যুক্তরাষ্ট্রের কারাগারে আটক দুই দেশের বেশ কয়েকজন বন্দি মুক্তি পেয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Jan 2016, 09:25 PM

Updated : 12 Apr 2022, 01:14 AM

ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরিপ্রেক্ষিতে দু’দেশের মধ্যে এ বন্দিবিনিময় হল।

ইরান তাদের কারাগার থেকে ইরানি বংশোদ্ভুত ৪ মার্কিনিকে মুক্তি দিয়েছে। তাদের  তিনজন এরই মধ্যে সুইস বিমানে করে তেহরান ছেড়েছেন। এদের মধ্যে অন্যতম হচ্ছেন, ওয়াশিংটন পোস্টের তেহরান ব্যুরো চীফ জেসন রেজাইয়ান। অপর দুইজন হলেন, আইডাহোর খ্রিস্টান ধর্মগুরু সাইদ আবেদিনি এবং মিশিগানের সাবেক মেরিন সেনা আমির হেকমতি।

মুক্তি পাওয়া চতুর্থ ইরানি-মার্কিনি হচ্ছেন, নসরাতুল্লাহ খোসরাভি-রুদসারি। এর আগে শনিবার আলাদাভাবে আরেকজন মার্কিন বন্দি ম্যাথিউ ট্রেভিথিককে মুক্তি দেয় ইরান।

যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন এক প্রশাসনিক কর্মকর্তা বন্দিদের মুক্তির এ খবর নিশ্চিত করে জানিয়েছেন।

অপরদিকে, যুক্তরাষ্ট্রের কারাগারে আটক কয়েকজন ইরানি-আমেরিকানকেও মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

মার্কিন কারাগার থেকে ৭ জন বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে বলে এর আগে জানিয়েছিলেন বন্দিদের আইনজীবীরা। এদের ছয়জনেরই ইরান এবং যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব আছে।

ওই বন্দিদের ৪ জন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা।

গত বছর জুলাইয়ে পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে ইরানের সঙ্গে  চুক্তি হয় বিশ্বের শক্তিধর দেশগুলোর। চুক্তির শর্ত ইরান মেনে চলছে কি না, তা দেখভালের দায়িত্ব ছিল জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ)। গত  শনিবার আইএইএ জানায়, ইরান চুক্তির শর্ত মেনে চলেছে।

এরপরই ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বহু বছর একঘরে হয়ে থাকা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বরফ গলার পট প্রস্তুত হয়েছে।