জাপানে আত্মহত্যার প্রবণতা কমছে
বিশ্বে যে দেশটিতে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি, সেই জাপানে তা ক্রমেই কমছে।
গত শুক্রবার জাপানের জাতীয় পুলিশ সংস্থার এক জরিপে এ তথ্য জানানো হয়।
২০১৫ সালের এ জরিপে দেখা গেছে, ওই বছর তার আগের বছরের (২০১৪) তুলনায় আত্মহত্যার প্রবণতা ৬ শতাংশ কমেছে। এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো জাপানে আত্মহত্যার হার নিম্নমুখী হওয়ার ঘটনা ঘটল।
রাজধানী টোকিওতে পুলিশ সদরে সাংবাদিকদের তথ্য দেওয়ার সময় পুলিশের মূখ্য কর্মকর্তা মাশাও মুইচি বলেন, ২০১৫ সালের জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত ২৩ হাজার ৯৭১ জন আত্মহত্যার পথ বেছে নেয়। যা এর আগের বছরের তুলনায় ৬ শতাংশ কম। তবে এ সংখ্যায় পুরুষের পাল্লা বেশি। প্রায় ৭০ শতাংশ ( ১৬ হাজার ৬৬১ জন) পুরুষ আত্মহত্যা করে।
তিনি আরো বলেন, প্রায় ১৮ বছর পর এ সংখ্যাটি ২৫ হাজারের নিচে এসেছে, যাকে শুভ লক্ষণই বলা চলে।
হতাশা থেকে কিংবা নৈতিকতা স্খলনের পরিপ্রেক্ষিতে জাপানিরা আত্মহত্যার পথে পা বাড়ায়। আর জাপানিদের আত্মহত্যার সংখ্যাটি বিশ্বের অন্যন্য দেশের তুলনায় সবচেয়ে বেশি।
প্রাচীন জাপানে সামুরাই নীতিতে বিশ্বাসীরা ‘সেপ্পুকো’ (আত্মহত্যায় মুক্তি) এর মাধ্যমে ঈশ্বরের কাছে যাওয়া যায় বলে ধারণা করত। এখনো জাপানিরা এ নীতিতে বিশ্বাস করে। দেশটির ফুজি পর্বতের কাছে এক গহীন জঙ্গল আত্মহত্যার জন্য নিরাপদ জায়গা বলে মনে করা হয়।
তবে আধুনিক যুগের সংস্পর্শে আত্মহত্যা করার প্রবণতা ক্রমেই নিম্নমুখী হচ্ছে বলে সাংবাদিকদের জানান ওই পুলিশ কর্মকর্তা।
১৯৯৮ সালের পর আত্মহত্যা করার প্রবণতা কমে আসলেও ২০০৩ সালে ৩৪ হাজার ৪২৭ জনের মৃত্যুকে বড় ধরনের অঙ্ক বলেই মনে করে জরিপকারী সংস্থা।
পুলিশ কর্মকর্তা বলেন, চলতি জরিপে দেখা গেছে, ১০ থেকে ১৯ বছর বয়সী কিশোরদের সংখ্যা সবচেয়ে কম। ২০ থেকে ৩০ বছর পর্যন্ত জাপানিরা কর্মজীবনে ঢুকতে না পেরে অনেকে আত্মহত্যা করলেও এবারের জরিপে এ সংখ্যা এক তৃতীয়াংশ কমে এসেছে।
স্থানীয় সরকার কর্মসংস্থানের পূর্ণ সুযোগ সৃষ্টি করায় তা কমেছে বলে জরিপে বেরিয়ে এসেছে।
