আইএস যোদ্ধাদের হত্যার সন্দেহে ডাচ নাগরিক গ্রেপ্তার
সিরিয়ায় কুর্দি বেসামরিক বাহিনীর পাশাপাশি লড়াই করে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের হত্যা করেছে সন্দেহে নেদারল্যান্ডসের একজন সাবেক সেনাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবিসি জানায়, গ্রেপ্তারের পর ৪৭ বছর বয়সী ওই সেনাকে মুক্তি দেওয়া হলেও সিরিয়ায় ফেরা রুখতে তার পাসপোর্ট জব্দ করা হয়েছে।
সরকারি আইনজীবীরা জানিয়েছেন, নেদারল্যান্ডসের আইন বিশেষ পরিস্থিতি ছাড়া শক্তি প্রয়োগ অনুমোদন করে না।
এক বিবৃতিতে তারা বলেছেন, “আইএসের একজন যোদ্ধাকে হত্যা করা তাই খুনের অভিযোগে বিচারযোগ্য হতে পারে।”
নেদারল্যান্ডস আইএসবিরোধী আন্তর্জাতিক জোটের অংশ হলেও আইনজীবীরা বলছেন, “যে সব ডাচ নাগরিক নিজ দায়িত্বে আইএসের সঙ্গে লড়াই করতে সিরিয়া গেছেন তাদের সঙ্গে ইরাকি ও কুর্দি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া ডাচ সেনাদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য আছে।”
“ডাচ সামরিক বাহিনীর উপস্থিতি বৈধ এবং তারা ইরাকি সরকারের অনুরোধে সেখানে অবস্থান নিয়েছেন।” – বলেন আইনজীবীরা।
নেদারল্যান্ডসের ব্যক্তিগত গোপনীয়তা আইনের ধারা অনুযায়ী ওই ডাচ নাগরিকের নাম প্রকাশ করা হয়নি এবং কবে তিনি সামরিক বাহিনী ছেড়েছেন সে বিষয়টিও পরিষ্কার হওয়া যায়নি।
সরকারি আইনজীবীরা জানিয়েছে, তার বিরুদ্ধে কী অভিযোগ আনা যায় তা নির্ধারণ করতে সিরিয়ায় তার ভূমিকার বিষয়ে আরো অধিক তদন্ত করতে হবে।
